বাংলাদেশ

বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন নিয়ে কর্মপরিকল্পনা পর্যালোচনার তৃতীয় সভায় অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় নিরাপত্তা জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে। দেশে লকডাউন বা কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শঙ্কা নেই। এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত তদন্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।