বাংলাদেশ

পিলখানা হত্য মামলার রায় : আলোচিত আ.লীগ নেতা তোরাব আলী খালাস

আট বছরেরও বেশি সময় আগে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচারিক আদালত থেকে যাবজ্জীবন পাওয়া আওয়ামী লীগ নেতা তোরাব আলী হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন।
তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় তিনি কী কারণে খালাস পেয়েছেন এর কারণ জানাতে পারেননি আইনজীবীরা।

বিচারপতি মো. শওকত হোসেনসহ তিন সদস্যের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় ঘোষণা করে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ সারওয়ার কাজল ঢাকাটাইমসকে বলেন, ‘তোরাব আলীকে খালাস দিয়েছে আদালত। তবে কেন খালাস দিয়েছেন সে বিষয়টি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে জানা যাবে।’
তোরাব আলীর বিরুদ্ধে কী অভিযোগ ছিল জানতে চাইলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ‘এ মামলায় মৃত্যুদ- পাওয়া একজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন তোরাব আলীর বাসায় ষড়যন্ত্রমূলক মিটিং হয়েছিল। এছাড়া তোরাব আলী নিজেও ১৬৪ ধারায় বলেছিলেন, প্রাইম কোচিং সেন্টারের মালিক জাকির তাকে বলেছিলেন, পিলখানায় ২৫ তারিখ গ-গোল হবে।’
২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলায় তোরাব আলী এবং বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যাবজ্জীবন কারাদ- দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান।
এই রায়ের বিরুদ্ধে তোরাব আলী এবং পিন্টু আপিল করেন। বিচার চলাকালে বন্দী অবস্থায় মারা যাওয়ায় পিন্টুর তার নাম বাদ পড়ে যায়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদরদপ্তর পিলখানায় বিদ্রোহ করে সৈনিকরা। দুই দিনের বিদ্রোহের পর সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়ার পর ৫৫ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার তথ্য জানা যায়।
অস্ত্র সমর্পণের আগেই বহু বিদ্রোহী পিলখানা থেকে পালিয়ে যায়। পিন্টু ও তোরাব আলী এই সময় বিদ্রোহীদের সহায়তা করেন বলে সে সময় গণমাধ্যমে প্রকাশ হয়। পরে দুইজনকেই আসামি করা হয় এবং তারা গ্রেপ্তার হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি