বাংলাদেশ

এবার কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিবের সন্ধান, আটক-রিমান্ড

প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেপ্তার বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার বিকালে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রউফ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে গুলশান থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু। ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান চলতি বছরের ২৭ আগস্ট নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ ছিল। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি