বাংলাদেশ

কোটা বাতিলের ঘোষণা সরকারের পরাজয় : মওদুদ

সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সরকারের পরাজয় হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।  তিনি বলেন, ‘কোটা পদ্ধতি বাতিল ঘোষণার মাধ্যমে সরকারের পরাজয় হয়েছে।

গণমাধ্যমে দেখলাম, সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনও কোটা ব্যবস্থা থাকবে না।  কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন যদি চলতে থাকে, তাহলে তাদের পক্ষে ক্ষমতায় থাকাটা কঠিন হবে।  বিষয়টি বুঝতে পেরেই এ সিদ্ধান্ত নিয়েছেন।’ বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘নির্বাচনে সেনা মোতায়েন: নির্বাচন কমিশনারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

মওদুদ আহমদ বলেন, ‘এভাবেই আগামীতে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।  নির্দলীয় সরকারের ব্যবস্থা কায়েম করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটাতে হবে।’

কোটা সংস্কারের আন্দোলন সরকারের বিরুদ্ধে সারাদেশে মানুষ ও ছাত্রসমাজের পুঞ্জিভূত ক্ষোভের প্রতিফলন বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আন্দোলনকারীরা দেখছে দেশ কীভাবে চলছে, দেশে কী ধরনের গণতন্ত্র আছে।  এ আন্দোলনের গভীর তাৎপর্য আছে।’

আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সভাপতি এসএম ইউসুফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনে ভাংচুরের ঘটনা প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, এই যে ভিসির বাসা ভাংচুর হলো।  তারা এখন চান যে, এটা তলিয়ে দেখতে হবে, এর মধ্যে নিশ্চয়ই অনেক কিছু আছে। পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম আমাদের সবাইকে পাকিস্তান সরকার ও প্রশাসন বলতো এরা কমিউনিস্ট।

আমাকে পর্যন্ত কমিউনিস্ট বলতো।  কেনো কমিউনিস্ট? বলে যে সরকার বিরোধী হলেই কমিউনিস্ট। এখন আওয়ামী লীগ সরকারের অবস্থা হয়েছে ওইরকম।  আওয়ামী লীগ ও তার সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই বা তার সমালোচনা করলেই সবাই রাজাকার।  এই মতিয়া চৌধুরী।  আমি তো কারো নাম নিয়ে কিছু বলি না।  আমার মনে হয় তার উচিৎ হবে তার পদত্যাগ করা।  তা নাহলে সারা জাতির কাছে তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। কারণ এই ছাত্রসমাজ যারা আন্দোলন করছেন তাদেরকে রাজাকার বলে আমরা মনে হয় উনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি