বিনোদন

যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে যৌন নিপীড়নের মামলায় ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক সহকারী মিরিয়াম হ্যালির বিরুদ্ধে যৌন অপরাধ করার দায়ে গত বছর জুরিরা তাকে দোষী সাব্যস্ত করার পর বুধবার এই সাজা ঘোষণা করেন বিচারক কার্টিস ফারবার। আদালতে দেওয়া বক্তব্যে মিরিয়াম হ্যালে বলেন, ওয়াইনস্টিনের হামলা তার জীবন ও নিরাপত্তাবোধের ওপর ‘ভয়াবহ প্রভাব’ ফেলেছে, যা হয়তো কখনোই পুরোপুরি কাটবে না। অন্যদিকে হুইলচেয়ারে আদালতে হাজির হওয়া ৭৪ বছর বয়সী ওয়াইনস্টিন অভিযোগ অস্বীকার করেন। তবে তার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চান তিনি। ওয়াইনস্টিন এরই মধ্যে নিউইয়র্কে কয়েক বছর কারাগারে কাটিয়েছেন। যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তাকে সেখানে একাধিকবার বিচারের মুখোমুখি হতে হয়েছে। ২০২০ সালে হ্যালির মামলায় প্রথমবার দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেও ২০২৪ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত সেই রায় বাতিল করে। আদালত বলেছিল, ওই বিচারে ওয়াইনস্টিন ন্যায্য বিচার পাননি। এরপর মামলাটি আবারও আদালতে গড়ায় এবং গত বছর নতুন বিচারে হ্যালির বিরুদ্ধে যৌন অপরাধের একটি অভিযোগে ওয়াইনস্টিনকে আবারও দোষী সাব্যস্ত করা হয়। অভিনেত্রী জেসিকা ম্যানকে ঘিরে অভিযোগের ক্ষেত্রে জুরি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অন্যদিকে মডেল কাজা সোকোলাকে ঘিরে আরেকটি অভিযোগে তিনি খালাস পান। মামলার শুনানিতে হ্যালে জানিয়েছিলেন, ২০০৬ সালে ম্যানহাটনে ওয়াইনস্টিনের অ্যাপার্টমেন্টের একটি কক্ষে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছিল। সে সময় তিনি ‘প্রজেক্ট রানওয়ে’ টেলিভিশন অনুষ্ঠানে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। গত বছরের পুনর্বিচারে সাক্ষ্য দেওয়ার পর হ্যালে বলেছিলেন, নিজের পক্ষে এবং সত্যের পক্ষে দাঁড়ানো প্রয়োজন মনে করেই তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন। ওয়াইনস্টিন বর্তমানে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে একটি কারা ওয়ার্ডে চিকিৎসাধীন। কারাগারে থাকা অবস্থায় তার বেশ কিছু শারীরিক অসুস্থতার কথা জানা গেছে। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার একটি মামলাতেও তার সাজা এখনো বাকি রয়েছে। ২০২২ সালে সেখানে ২০১৩ সালে একটি হোটেল কক্ষে এক অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। একসময় মিরাম্যাক্সের প্রভাবশালী প্রযোজক হিসেবে ওয়াইনস্টিন ‘শেকসপিয়ার ইন লাভ’-এর মতো সফল চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে নিউইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কারে তার বিরুদ্ধে একাধিক নারীর যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশিত হলে তার ক্যারিয়ারের পতন শুরু হয়। এসব অভিযোগ পরবর্তীতে বিশ্বজুড়ে #MeToo আন্দোলনের অন্যতম বড় অনুঘটক হয়ে ওঠে। ওয়াইনস্টিন বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণিত করার আশা প্রকাশ করেছেন। তবে বুধবার সাজা ঘোষণার সময় বিচারক কার্টিস ফারবার তার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন এবং বলেন, ওয়াইনস্টিন জোর করে যা চেয়েছেন তা নিয়েছেন এবং নিজের কর্মকাণ্ডের দায় কখনো স্বীকার করেননি।