রোমে পোপের সরকারি বাসভবনে পোপ লিও চতুর্দশের সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেলজয়ী মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। বুধবার অ্যাপোস্টলিক প্যালেসে তাঁদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। ইতালিতে ডিলানের চলমান সংগীত সফরের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
৮৫ বছর বয়সী ডিলান এদিন প্রায় পুরোপুরি কালো পোশাকে ছিলেন। মাথায় হুড তোলা, হাতে গ্লাভস এবং সঙ্গে ছাতা—তাঁর এই সাজ ছিল পোপের সাদা ধর্মীয় পোশাকের সম্পূর্ণ বিপরীত।
ভ্যাটিকান নিউজের তথ্য অনুযায়ী, দুজনের সাক্ষাৎ সংক্ষিপ্ত হলেও তাঁরা পরস্পরের সঙ্গে উপহার বিনিময় করেন। পোপ লিও ডিলানকে একটি জপমালা উপহার দেন। অন্যদিকে ডিলান পোপকে নিজের আত্মজীবনী ‘ক্রনিকলস: ভলিউম ওয়ান’-এর একটি কপি দেন।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল থেকে উঠে আসা এই দুই ব্যক্তিত্বের সাক্ষাৎ হয় ডিলানের বৃহস্পতিবারের নির্ধারিত কনসার্টের আগে। রোমের পালাজ্জো দেল্লো স্পোর্টে তাঁর সংগীত পরিবেশনের কথা রয়েছে। এটি ডিলানের ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ সফরের ইতালির একাধিক আয়োজনের একটি।
পোপ লিও এর আগেও নিজের লেখায় বব ডিলানের গান উদ্ধৃত করেছেন। ‘ডিসআর্মড অ্যান্ড ডিসআর্মিং: পিস ইজ আ গিফট’ শিরোনামের একটি বইয়ের ভূমিকায় ডিলানের অপ্রকাশিত পারমাণবিক অস্ত্রবিরোধী গান ‘গো অ্যাওয়ে ইউ বম্ব’-এর একটি লাইন ব্যবহার করেন তিনি।
১৯৬৩ সালে স্নায়ুযুদ্ধের সময় গানটি লেখা হয়েছিল। তবে ডিলান কখনো গানটি রেকর্ড করেননি। ২০১৩ সালে গানটির টাইপ করা কথা আবিষ্কৃত হওয়ার পর তা নিলামে তোলা হয় বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বইটিতে পুনরায় অস্ত্রসজ্জার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে ডিলানের গানের যে লাইনটি উদ্ধৃত করা হয়েছে, তার অর্থ—‘তোমাকে ঘৃণা করি, কারণ তোমাকে মানুষ তৈরি করেছে, মানুষই তোমার মালিক এবং মানুষই তোমাকে ব্যবহার করেছে।’
পোপ লিওর সঙ্গে সাক্ষাৎই প্রথম নয়, এর আগে আরও একবার পোপের সঙ্গে দেখা করেছিলেন বব ডিলান।
১৯৯৭ সালে ইতালির বোলোনিয়ায় ২৩তম জাতীয় ইউকারিস্টিক কংগ্রেসে পোপ জন পল দ্বিতীয়ের সামনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পান তিনি। ওই আয়োজনে প্রায় তিন লাখ তরুণ উপস্থিত ছিলেন।
ডিলান সেখানে ‘নকিন’ অন হেভেনস ডোর’সহ চারটি গান পরিবেশন করেন। পরিবেশনার মাঝামাঝি সময়ে মঞ্চে উঠে পোপ জন পলের সঙ্গে করমর্দন করেন এবং কয়েকটি কথা বলেন বলে জানা যায়।
সেই অনুষ্ঠানে জন পল দ্বিতীয়ও তাঁর বক্তব্যে ডিলানের জনপ্রিয় গান ‘ব্লোইন’ ইন দ্য উইন্ড’-এর কথা উদ্ধৃত করেছিলেন।
দীর্ঘ সংগীতজীবনে প্রতিবাদ, যুদ্ধবিরোধিতা ও মানবিক বার্তার জন্য পরিচিত ডিলানের সঙ্গে পোপের এই সাক্ষাৎ তাই কেবল সৌজন্য বিনিময় নয়, বরং তাঁদের আগের সাংস্কৃতিক ও শান্তিবিষয়ক সংযোগেরও স্মারক।
সূত্র: বিবিসি