বিনোদন

কোচেল্লা ২০২৭ মাতাবেন দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালা, থাকছেন ম্যাডোনাও

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সংগীত উৎসব কোচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালের ২০২৭ সালের শিল্পী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী বছরের উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পপ তারকা দুয়া লিপা, আরঅ্যান্ডবি সংগীতশিল্পী এসজেডএ এবং অস্ট্রেলিয়ান ব্যান্ড টেম ইমপালা। তবে ঘোষিত তালিকায় সবচেয়ে বড় চমক কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা, যিনি পারফর্ম করবেন উৎসবের ডান্স টেন্টে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আয়োজক প্রতিষ্ঠান গোল্ডেনভয়েস আনুষ্ঠানিকভাবে এই লাইনআপ প্রকাশ করে। ক্যালিফোর্নিয়ার ইন্ডিও শহরের এম্পায়ার পোলো ক্লাবে আগামী ৯ থেকে ১১ এপ্রিল এবং ১৬ থেকে ১৮ এপ্রিল দুই সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে উৎসবটি। প্রথম শুক্রবারের প্রধান আকর্ষণ থাকবেন দুয়া লিপা। শনিবারের মূল মঞ্চে নেতৃত্ব দেবেন টেম ইমপালা এবং রোববারের সমাপনী পরিবেশনা করবেন এসজেডএ। দুই সপ্তাহান্তেই একই শিল্পীরা নির্ধারিত দিনে পারফর্ম করবেন। তবে এবারের আয়োজনের অন্যতম আলোচিত নাম ম্যাডোনা। শুক্রবার ডান্স টেন্টে তার বিশেষ পরিবেশনা থাকবে। ২০০৬ সালে কোচেল্লার সাহারা টেন্টে পারফর্ম করেছিলেন তিনি। দীর্ঘ ২১ বছর পর একই উৎসবে তার এমন উপস্থিতি সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এ ছাড়া বিশেষ পরিবেশনার জন্য তালিকায় রয়েছেন পুয়ের্তো রিকান সংগীতশিল্পী ড্যাডি ইয়াঙ্কি। পোস্টারে তাকে চতুর্থ প্রধান আকর্ষণ হিসেবে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তার পরিবেশনার নির্দিষ্ট দিন এখনো জানানো হয়নি। এবারের তালিকায় আরও রয়েছেন ফিবি ব্রিজার্স, উইজার, ডন টলিভার, বেকি জি, জারা লারসন, স্টিভ লেসি, জিসু, দিলজিৎ দোসাঞ্জ, পেগি গৌ, কেহলানি, রবিন, কাইগো, টিয়েস্টো, মার্টিন গ্যারিক্স, ম্যানেস্কিন ও এম্পায়ার অব দ্য সান। ইলেকট্রনিক সংগীতের ভক্তদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। ফরাসি সংগীত জুটি জাস্টিস উৎসবের নতুন ভেন্যু ‘দ্য বাঙ্কার’-এ ‘ব্লাইন্ডেড বাই দ্য লাইটস’ নামে বিশেষ অডিওভিজ্যুয়াল পরিবেশনা উপস্থাপন করবে। এ ছাড়া ইতালীয় সংগীত প্রযোজক জর্জিও মোরোডারও পারফর্ম করবেন। উৎসবের টিকিট বিক্রি শুরু হবে ১৩ নভেম্বর শুক্রবার, দুপুর ১২টায় (প্যাসিফিক সময়)। আগাম বিক্রিতে সাধারণ প্রবেশের টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে যাওয়ায় নতুন বিক্রিতে দর্শকদের আগ্রহ বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। যারা সরাসরি উৎসবে অংশ নিতে পারবেন না, তাদের জন্যও থাকছে সুযোগ। ইউটিউব আবারও কোচেল্লার একমাত্র আনুষ্ঠানিক লাইভস্ট্রিম পার্টনার হিসেবে দুই সপ্তাহান্তের পরিবেশনা সরাসরি সম্প্রচার করবে। ২০২৭ সালের কোচেল্লা লাইনআপে পপ, রক, আরঅ্যান্ডবি ও ইলেকট্রনিক সংগীতের শিল্পীদের একসঙ্গে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে ম্যাডোনার প্রত্যাবর্তন এবং দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালার প্রধান পরিবেশনা ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তথ্যসূত্র: লস এঞ্জেলেস টাইমস, ভ্যারাইটি ও পোলস্টার।