ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ড ওকসের এক ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরকে মানবপাচার ও জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগ উঠেছে। অনলাইনে ব্যবহৃত পোশাক বিক্রির ব্যবসার কাজে কিশোরকে নিয়োগ করে রাতভর কাজ করানোর পাশাপাশি তাকে অ্যাডেরল নামের ওষুধ খাওয়ানোর অভিযোগও রয়েছে। পরে লস এঞ্জেলেসের একটি ফ্রিওয়ের পাশে কিশোরকে একা ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্তের নাম ব্র্যান্ডন হলগুইন। তার বয়স ২৬ বছর। লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ থেকে ৫ মে পর্যন্ত ঘটনাগুলো ঘটে।
তদন্তকারীদের দাবি, ঘটনার চার থেকে ছয় মাস আগে একটি থ্রিফট স্টোরে কিশোরটির সঙ্গে হলগুইনের পরিচয় হয়। পরে তিনি উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে কিশোরটির পরিবারের বাসার কাছ থেকে তাকে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, প্রথমেই কিশোরটির মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তার মাকে যেন ফোনের অবস্থান শনাক্ত করে খুঁজে বের করতে না পারেন, সে জন্য ফোনটি বিক্রি করে দেন হলগুইন। পাশাপাশি কিশোরটির পরিবারের উপহার দেওয়া গয়না ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্ধক রেখে কয়েকশ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এরপর একটি মোটেল কক্ষে কিশোরটিকে ব্যবহৃত পোশাক বাছাই, সাজানো এবং ছবি তোলার কাজে বাধ্য করা হয়। এসব পোশাক অনলাইনে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। শত শত পোশাকের কাজ শেষ করতে তাকে রাত পর্যন্ত জাগিয়ে রাখা হতো বলে অভিযোগ।
কাজ চালিয়ে যাওয়ার জন্য হলগুইন কিশোরটিকে অ্যাডেরল খেতে নির্দেশ দেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। এটি অ্যামফেটামিনজাতীয় নিয়ন্ত্রিত ওষুধ। ওষুধটি খাওয়ার পর কিশোর অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে কিশোরটিকে লস এঞ্জেলেস থেকে উত্তর ক্যালিফোর্নিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন হলগুইন। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হলে ৫ মে গভীর রাতে তাকে একটি ফ্রিওয়ের পাশে ফেলে রেখে চলে যান বলে অভিযোগ রয়েছে।
কিশোরটি সেখান থেকে হেঁটে কাছাকাছি একটি স্থানে পৌঁছালে সেখানকার কর্মীরা জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন। পরে লস এঞ্জেলেস পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা ২০২৫ সালের ৯ মে হলগুইনকে গ্রেপ্তার করেন।
তার বিরুদ্ধে শিশু অপহরণ, মানবপাচার, শিশু নির্যাতন, অপ্রাপ্তবয়স্ককে নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ, অননুমোদিত সময়ে অপ্রাপ্তবয়স্ককে কাজে নিয়োগ এবং জাল পরিচয় ব্যবহারের অভিযোগসহ মোট ছয়টি গুরুতর অপরাধের মামলা করা হয়েছে।
২০২৬ সালের ৬ মে আদালতে অভিযোগ গঠনের সময় হলগুইন নিজেকে নির্দোষ দাবি করেন। তার জামিন নির্ধারণ করা হয় ৬ লাখ ৫০ হাজার ডলার। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছিল ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়।
তদন্তকারীদের আশঙ্কা, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন। এ কারণে হলগুইনের বিষয়ে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের ডিটেকটিভ সালভাদর পন্সের সঙ্গে ৮১৮-২৩৬-৪০১৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।