বিনোদন

৪ কোটি ডলারের সংস্কারে নতুন রূপ পেল লস এঞ্জেলেসের ঐতিহাসিক ভিশন থিয়েটার

লস এঞ্জেলেসের লিমার্ট পার্ক এলাকার ঐতিহাসিক ভিশন থিয়েটার প্রায় ৪ কোটি ডলারের সংস্কার শেষে নতুন রূপে চালু হয়েছে। প্রায় ১৫ বছর ধরে কয়েক ধাপে চলা এই সংস্কারকাজে ভবনটির পুরোনো আর্ট ডেকো ও স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্যশৈলী সংরক্ষণের পাশাপাশি আধুনিক পারফর্মিং আর্টস সেন্টার হিসেবে সাজানো হয়েছে। নতুন করে তৈরি এই সাংস্কৃতিক ভেন্যুতে এখন নাটক, সংগীত, নৃত্য, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন কমিউনিটি আয়োজনের সুযোগ থাকবে। ১৯৩২ সালে ‘লিমার্ট থিয়েটার’ নামে যাত্রা শুরু করেছিল প্রেক্ষাগৃহটি। সে সময় এটি ছিল এলাকার অন্যতম পরিচিত সিনেমা হল। কয়েক দশক চালু থাকার পর ১৯৬৮ সালে থিয়েটারটি বন্ধ হয়ে যায়। পরে ভবনটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নব্বইয়ের দশকের শুরুতে অভিনেত্রী মারলা গিবস এটি কিনে ‘ভিশন থিয়েটার’ নাম দেন। তাঁর লক্ষ্য ছিল, দক্ষিণ লস এঞ্জেলেসের কৃষ্ণাঙ্গ শিল্পী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করা। ১৯৯৯ সালে লস এঞ্জেলেস নগর কর্তৃপক্ষ ভবনটির মালিকানা নেয়। এরপর এটিকে পারফর্মিং আর্টস সেন্টারে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সংস্কারকাজের প্রথম ধাপ ২০১১ সালে শেষ হলেও পরবর্তী বড় প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে। অর্থায়নের জটিলতা, কোভিড-১৯ মহামারি এবং সরবরাহব্যবস্থার সমস্যার কারণে কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। সংস্কারের পর থিয়েটারটিতে তৈরি হয়েছে ৭২৯ আসনের নতুন বিন্যাসের অডিটোরিয়াম। যুক্ত হয়েছে মেজানাইন ও ব্যালকনি আসন, দর্শকদের জন্য লাউঞ্জ, বড় মঞ্চ এবং আধুনিক ব্যাকস্টেজ সুবিধা। শিল্পীদের প্রস্তুতির জন্য রয়েছে ড্রেসিং রুম ও গ্রিন রুম। পাশাপাশি মঞ্চের প্রযুক্তিগত সুবিধা, অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থা, আলো এবং সম্প্রচারের জন্য আলাদা কক্ষও যুক্ত করা হয়েছে। সংস্কারকাজে ভবনটির ঐতিহাসিক বৈশিষ্ট্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অডিটোরিয়ামের পুরোনো ছাদের দেয়ালচিত্র সংরক্ষণ, প্লাস্টারের মেরামত, দেয়াল ও মঞ্চের সামনের অংশের ঐতিহাসিক নকশা পুনরুদ্ধার এবং দরজা ও ছাদের গ্রিল সংস্কার করা হয়েছে। ফলে আধুনিক সুবিধা যুক্ত হলেও থিয়েটারটির মূল স্থাপত্যিক পরিচয় অক্ষুণ্ন রয়েছে। নতুন ভিশন থিয়েটার পরিচালনায় লস এঞ্জেলেস নগর কর্তৃপক্ষের সাংস্কৃতিক বিষয়ক বিভাগের সঙ্গে অংশীদার হয়েছে ওয়াকো থিয়েটার সেন্টার। সংগঠনটি নাটক, নাচ, সংগীতানুষ্ঠান, শিল্পশিক্ষা এবং কমিউনিটিভিত্তিক বিভিন্ন আয়োজন পরিচালনা করবে। নগর কর্তৃপক্ষ দেখভাল করবে ভবনটির পরিচালনা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম। লিমার্ট পার্ক দীর্ঘদিন ধরেই লস এঞ্জেলেসের কৃষ্ণাঙ্গ শিল্প, সংগীত ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠকদের আশা, থিয়েটারটি আবার নিয়মিত চালু হওয়ায় এলাকায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং আশপাশের ব্যবসা ও শিল্পচর্চা নতুন গতি পাবে। দীর্ঘ সংস্কার শেষে ভিশন থিয়েটারের প্রত্যাবর্তন তাই শুধু একটি পুরোনো ভবন পুনরুদ্ধার নয়, বরং দক্ষিণ লস এঞ্জেলেসের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও একটি উদ্যোগ।