যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ঘৃণামূলক বক্তব্য ও ইসলামবিদ্বেষী প্রচারণার বিস্তার নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মুসলিম প্রার্থীদের নির্বাচনী সাফল্যের পর তাঁদের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে আক্রমণাত্মক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং রাজনৈতিক বিজ্ঞাপনে বিদ্বেষমূলক ভাষার ব্যবহার বেড়েছে। গবেষক ও অধিকারকর্মীরা বলছেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে আবদুল এল-সায়েদের জয়ের পর তাঁকে ঘিরে বিতর্ক তীব্র হয়। তাঁর জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আলাবামার রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। এল-সায়েদের রাজনৈতিক অবস্থান বা নীতির সমালোচনার বদলে তাঁর মুসলিম পরিচয়কে সামনে এনে এ ধরনের বক্তব্য দেওয়ায় সমালোচনা তৈরি হয়।
গবেষকদের মতে, ২০২৫ ও ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসলামবিদ্বেষী বক্তব্যের মাত্রা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পরের সময়ের সঙ্গে তুলনীয় পর্যায়ে পৌঁছেছে। ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের গবেষণা অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ইসলামবিদ্বেষের সূচক ছিল ২৫। ২০২৫ সালে তা বেড়ে ৩৩-এ দাঁড়ায়। চলতি বছরের বসন্তে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে ৫১ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, অন্য ধর্মের তুলনায় ইসলাম সহিংসতাকে বেশি উৎসাহিত করে। ২০০১ সালের হামলার ছয় মাস পর এমন ধারণা পোষণ করতেন ২৫ শতাংশ মানুষ।
নির্বাচনী প্রচারণার বাইরেও বিভিন্ন অঙ্গরাজ্যে ইসলামি আইন বা শরিয়াহ নিয়ে রাজনৈতিক বক্তব্য ও প্রচার দেখা গেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছেন। গবেষকেরা বলছেন, বাস্তব কোনো নীতিগত সমস্যা না থাকলেও রাজনৈতিক বক্তব্যে ইসলামি আইনকে হুমকি হিসেবে তুলে ধরে ভোটারদের মধ্যে ভয় ও সন্দেহ তৈরি করা হচ্ছে।
এ ধরনের বক্তব্যের প্রভাব মুসলিম প্রার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষও অনলাইনে হয়রানি, বিদ্বেষমূলক মন্তব্য এবং বৈষম্যের শিকার হচ্ছেন। গবেষকেরা সতর্ক করেছেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়াতে উৎসাহ জোগাতে পারে। অনলাইনে ছড়ানো ঘৃণা বাস্তব জীবনেও হয়রানি ও সহিংসতার ঝুঁকি বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে কোনো প্রার্থীর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তাঁকে সন্ত্রাসী বা দেশের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা গণতান্ত্রিক বিতর্কের স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায়। মধ্যবর্তী নির্বাচন ঘিরে এমন বক্তব্যের বিস্তার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।