স্বাস্থ্য

ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

ওজন কমানোর জন্য জনপ্রিয় জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহার করছেন অনেকে। তবে এসব ওষুধ নেওয়ার পর শারীরিক সক্রিয়তা বাড়ানোর বদলে অনেকেই আরও কম চলাফেরা করছেন। নতুন এক গবেষণায় এমন প্রবণতা উঠে এসেছে। গবেষকদের মতে, ওজন কমানোর চিকিৎসার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা না করলে পেশির শক্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। ওজেম্পিক, ওয়েগোভি, মাউঞ্জারো ও জেপবাউন্ডের মতো ওষুধ জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণির। এসব ওষুধ ক্ষুধা ও খাবার গ্রহণের পরিমাণ কমাতে সহায়তা করে। ফলে শরীরের ওজন কমে। তবে ওজন কমার সঙ্গে সঙ্গে চর্বির পাশাপাশি পেশির ভরও কমতে পারে। এ কারণে চিকিৎসার সময় শারীরিক সক্রিয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সম্মেলন এন্ডো ২০২৬-এ উপস্থাপিত গবেষণায় দেখা গেছে, জিএলপি-১ ওষুধ শুরু করার পর অংশগ্রহণকারীদের দৈনিক হাঁটার পরিমাণ এবং মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যক্রম—দুটিই কমেছে। গবেষণায় শুরুতে স্থূলতায় আক্রান্ত ১ হাজার ৯৫০ জন প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ৭৫৩ জনের ফিটবিট বা পরিধানযোগ্য ডিভাইসের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়। গবেষকেরা ওষুধ নেওয়ার আগে ও পরে তাঁদের দৈনন্দিন হাঁটা এবং শরীরচর্চার তথ্য তুলনা করেন। অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ৬ শতাংশ ছিলেন নারী। তাঁদের গড় বয়স ছিল ৫২ দশমিক ৭ বছর। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওষুধ শুরুর আগে অংশগ্রহণকারীরা প্রতিদিন গড়ে ৫ হাজার ৪৭টি পদক্ষেপ নিতেন। চিকিৎসা শুরুর পর তা কমে দাঁড়ায় ৪ হাজার ৪৮৭-তে। একইভাবে মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যক্রমের সময় প্রতিদিন গড়ে ২৮ মিনিট থেকে কমে ২২ মিনিটে নেমে আসে। পুরুষ এবং যাঁদের অস্থিসন্ধি বা পেশিতে ব্যথা ছিল, তাঁদের ক্ষেত্রে শারীরিক সক্রিয়তা কমার প্রবণতা বেশি দেখা গেছে। বয়স, হৃদ্‌যন্ত্রের অকার্যকারিতা কিংবা আগে স্ট্রোক হওয়ার মতো বিষয় গবেষণার ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন আনেনি। গবেষণার প্রধান গবেষক সাজানা মহারজন বলেন, ওজন কমলেই মানুষ স্বাভাবিকভাবে বেশি চলাফেরা শুরু করবেন—এমন ধারণা ঠিক নয়। স্থূলতার চিকিৎসায় ওষুধের পাশাপাশি শরীরচর্চাকে গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, নিয়মিত শারীরিক কার্যক্রমে উৎসাহ দিতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় শারীরিক সক্রিয়তা কমার কারণ নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। তবে ফলাফল বলছে, ওজন কমানোর ওষুধ ব্যবহার করলেই ব্যায়ামের প্রয়োজন শেষ হয়ে যায় না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, চিকিৎসকের নির্দেশনা মেনে হাঁটা এবং পেশি শক্তিশালী করার ব্যায়াম ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। পর্যাপ্ত পুষ্টি ও প্রোটিন গ্রহণও পেশির স্বাস্থ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও চিকিৎসার ধরন অনুযায়ী ব্যায়াম ও খাদ্যাভ্যাস ঠিক করা প্রয়োজন। গবেষকদের মতে, জিএলপি-১ ওষুধের মাধ্যমে ওজন কমানোর পাশাপাশি শরীরের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখার দিকেও নজর দেওয়া জরুরি।