আন্তর্জাতিক

নির্বাচনের অভিযোগ স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশা ইইউর

নির্বাচনে যে অভিযোগ রয়েছে তা স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে বাংলাদেশের সাথে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘‘৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে।

নির্বাচনে ভোটারদের সমাবেশ, বিরোধীদলের অংশগ্রহণ থাকলেও ভোটের দিন সংঘাতের ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধা পরিলক্ষিত হয়েছে, যা নির্বাচনী প্রচারণা ও ভোটকে কলুষিত করেছে।

যথাযথ কর্তৃপক্ষকে এসব অনিয়মের অভিযোগের সঠিক তদন্ত  নিশ্চিত করতে হবে এবং তাদের বিশ্লেষণে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া, মানবাধিকারের প্রতি সম্মান এবং মৌলিক স্বাধীনতা প্রত্যাশা করে। বাংলাদেশের মানুষের স্বার্থে এই প্রক্রিয়ায় ইইউ তার সহায়তা চলমান রাখবে।’’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি