আন্তর্জাতিক

ব্যর্থতা মেনে লঙ্কান প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

রাজধানী কলম্বোয় গির্জা ও হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ আত্মঘাতী হামলায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিমাসিরি ফার্নান্দো।

বৃহস্পতিবার বিকেলে তিনি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর দিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর।

সূত্রের বরাতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট হামলার ব্যর্থতার জন্য প্রতিরক্ষা সচিব ও আইজিপি পুজিথ জয়াসুন্দরাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন।

তার এই আহ্বানের পরই প্রতিরক্ষা সচিবকে সরে যেতে হলো। পদত্যাগপত্রে তিনি আত্মঘাতী বোমা হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রোববার ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেলসহ আটটি স্থানে আত্মঘাতী হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস)।

এই হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ বিদেশি রয়েছেন, যাদের একজন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী।