আন্তর্জাতিক

করাচি থেকে উড়া জর্জিয়ার বিমানকে অবতরণে বাধ্য করল ভারত

করাচি থেকে দিল্লি যাওয়ার পথে ভারতের নির্দিষ্ট আকাশপথ থেকে সরে যাওয়ায় শুক্রবার জর্জিয়ার একটি বিমানকে জরুরি অবতরণে বাধ্য করেছে ভারতীয় বিমানবাহিনী।

দেশটির আনন্দবাজার পত্রিকা জানায়, উত্তর গুজরাটের কাছে এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তা দেখার পরই জর্জিয়ার বিমানটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করায় ভারতীয় বিমানবাহিনী। উড়োজাহাজটি জর্জিয়ার রাজধানী টিবিলিসি থেকে করাচি হয়ে ভারতের নয়াদিল্লিতে যাচ্ছিল।

জর্জিয়ার এএন-১২ বিমানটি করাচি থেকে দিল্লি আসার নির্দিষ্ট আকাশপথ থেকে অন্যত্র সরতেই তা লক্ষ্য করে ভারতীয় বিমানবাহিনীর এয়ার ডিফেন্স এয়ারক্র্যাফ্ট। বিকেল সোয়া ৩টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এর পরই জর্জিয়ার বিমানটিকে নামানো হয় রাজস্থানের জয়পুর বিমানবন্দরে।

ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘বিমানটি এয়ার ট্রাফিক সার্ভিসের নির্দিষ্ট করা পথে উড়ছিল না। ভারতীয়দের পাঠানো রেডিও সিগনালের জবাবও দিচ্ছিল না বিমানটি। এই অঞ্চলে বিমান ওড়ায় নিষেধাজ্ঞা কারণে বিমানটি অন্য পথ দিয়ে ভারতে ঢুকে পড়ে।’

ভারত সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘এই সময় আন্তর্জাতিক সিগনাল পাঠালেও কোনও উত্তর দেয়নি বিমানটি। এর পরই ভারতীয় বিমানবাহিনীর বিমান ওই বিমানটির দিকে উড়ে যায়।’ এর পর ভারতীয় বিমানবাহিনীর বিমান ওই জর্জিয়ার বিমানটির সামনে গিয়ে চ্যালেঞ্জ জানালে উত্তর আসে। এর পরই বিমানটিকে জয়পুরের বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেয় ভারতীয় বিমানবাহিনী।

নামিয়ে আনা জর্জিয়ার বিমানটির পাইলট এবং বিমানকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।  নির্ধারিত সূচি মেনেই এই বিমানটির দিল্লি আসার কথা ছিল।  তা সত্ত্বেও কী কারণে বিমানটি নির্দিষ্ট আকাশপথ থেকে সরে গিয়ে উত্তর গুজরাটের দিকে চলে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন।