আন্তর্জাতিক

বাংলাদেশকে অবজ্ঞা করে মাঞ্জরেকারের টুইট

ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের একটি টুইটার পোস্ট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক টুইটে বাংলাদেশ দলকে যেন তাচ্ছিল্যই করলেন তিনি!

দ্বাদশ তম বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছিলো দুই দল ভারত ও বাংলাদেশ। ম্যাচটিতে ব্যাটিং বোলিংয়ে দাপট ছিলো আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ভারতের। ম্যাচে বাংলাদেশ হেরেছে ৯৫ রানে।  আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ৩৫৯ রান তোলে। ভারতের ইনিংস বড় হতে দেখেই বাংলাদেশকে ছোট করে টুইট করেন সঞ্জয় মাঞ্জরেকার। তিনি টুইটার পোস্টে লেখেন, ‘কেন ভিরাট কোহলি এখনো ইনিংস ঘোষণা করছে না?’

এমন টুইটের পর ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকেরা, মঞ্জরেকারকে নিয়েছেন একহাত। বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি এই ঘটনার জন্য ভারতীয় সমর্থকদেরও দুয়ো শুনতে হয়েছে মাঞ্জরেকারকে। এমনকি ফেসবুকে অনেকেই আইসিসি বরাবর আবেদন জানিয়েছেন, বিশ্বকাপ থেকে মাঞ্জরেকারকে যেন সরিয়ে নেওয়া হয় ধারাভাষ্য থেকে।

বিশ্বকাপে ফেবারিট দল দুইবারের চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই তারা শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে; কিন্তু তাই বলে খেলায় ভালো করতে দেখে প্রতিপক্ষকে তাচ্ছিল করে এমন টুইট ক্রিকেট স্প্রিটের সাথে মানানসই নয়। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তাই প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোও গুরুত্বপূর্ণ; কিন্তু সাবেক ভারতীয় এই ক্রিকেটার তার ধার ধারেননি। আর যে কারণে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। কেউ তাকে টুইটার থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একজন লিখেছেন নির্বোধের মতো টুইট করেছেন সঞ্জয়।

হারিশ নামে একজন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রকে ট্যাগ করে বলেছেন, মাঞ্জরেকারের ভারতীয় পাসপোর্ট বাতিল করে তাকে অন্য কোন দেশে পাঠিয়ে দিতে।

কেউ কেউ তাকে অহংকারী, মুর্খ হিসেবেও আখ্যায়িত করেছন।