আন্তর্জাতিক

ইমরানের ‘জেল ভরো’ কর্মসূচি, গ্রেপ্তারের হুমকি সরকারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান ‘জেল ভরো তেহরিক’ আন্দোলনের ডাক দিয়েছেন। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারকে আরও বেশি চাপে ফেলতে নিজ দলের নেতা–কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আটক করিয়ে দেশটির কারাগারগুলো ভরিয়ে ফেলতে চান তিনি। জবাবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের হুমকি, নতুন করে বিক্ষোভ শুরু করলে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। খবর দ্য ডন ও এনডিটিভির। লাহোরে নিজের বাসভবন থেকে গত শনিবার দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। টেলিভিশনে সম্প্রচার হওয়া ওই ভাষণে তিনি বলেন, ‘এখন আমাদের সামনে দুটি পথ খোলা। এক, রাজপথে নেমে হরতাল–ধর্মঘট করা। তবে এতে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুই, “জেল ভরো তেহরিক” আন্দোলনের মাধ্যমে এই আমদানি করা সরকারের কারাগারগুলো ভরিয়ে ফেলা। আমরা কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পথটি বেছে নিতে যাচ্ছি।’ ইমরান খান তাঁর দলের প্রত্যেক জেলার সভাপতিকে এটি তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। ওই তালিকায় দলীয় স্বেচ্ছাসেবকদের নাম থাকবে। কর্মসূচির অংশ হিসেবে তাঁর স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। ইমরান খান বলেন, শুরুতে আমরা স্বেচ্ছাসেবকদের নাম নিবন্ধন করবো। এরপর জেল ভরো তেহরিক আন্দোলনের তারিখ জানানো হবে। পাকিস্তানের সাধারণ মানুষকে তাঁর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘এটা শান্তিপূর্ণ আন্দোলন। আপনারা রাজনীতি করতে এতে যুক্ত হবেন না। বরং আপনারা একটি জিহাদে অংশ নেবেন।’ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে আন্দোলনের ভিন্নধর্মী এই কৌশল বেছে নিয়েছেন ইমরান খান। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, ‘তিনি (ইমরান খান) যদি কেন্দ্রীয় সরকারকে হটাতে নতুন করে বিক্ষোভ শুরু করেন তাহলে তাঁকেও কারাগারে যেতে হবে।’ গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। এরপর মুসলিম লীগ নওয়াজের (এমএলএন) নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানে জোট সরকার গঠিত হয়। সামান্য সংখ্যাগরিষ্ঠতায় এই সরকার টিকে আছে। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে দেশজুড়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছেন ইমরান খান। তিনি পাকিস্তানে আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানে লংমার্চ করেছেন ইমরান খান। সাড়াও পেয়েছেন ব্যাপক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস