আন্তর্জাতিক

ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে রাশিয়া ও ইউক্রেন তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ে উভয় পক্ষ সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখবে এবং একে অপরের কাছে থাকা এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময় করবে। ট্রাম্প জানান, তার ব্যক্তিগত অনুরোধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন। এর কিছুক্ষণ পর জেলেনস্কি ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করেন। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও জানায়, মস্কো এই প্রস্তাব গ্রহণ করেছে। এর আগে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। রাশিয়া অভিযোগ করে, ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন দাবি করে, যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘণ্টায় তাদের অবস্থানে ১৪০টিরও বেশি হামলা হয়েছে এবং ৮৫০টির বেশি ড্রোন আক্রমণ চালানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ ও ৯ মে ‘বিজয় দিবস’ উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। এই দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করে পালিত হয়। রাশিয়া ইউক্রেনকে সতর্ক করে দিয়েছে, যেন মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে কোনো হামলার চেষ্টা না করা হয়। হামলা হলে কিয়েভের কেন্দ্রে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকিও দিয়েছে মস্কো। এদিকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা বলেছেন, যুদ্ধ বন্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে জেলেনস্কির সমর্থনও রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, তবে তারা নিজেরা থেকে যোগাযোগ শুরু করবে না। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একাধিক দফা আলোচনা মধ্যস্থতা করেছে, কিন্তু এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অগ্রগতি হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনের চেরনোবিল নিষিদ্ধ এলাকায় একটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাস, শুষ্ক আবহাওয়া এবং মাইন বিস্ফোরণের ঝুঁকির কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম