মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের পর দেশটির অন্যতম শীর্ষ মাদক চক্রের নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই অপরাধী নেতাকে ধরতে চালানো অভিযানে সংঘর্ষে সাতজন সন্দেহভাজন মাদক চক্রের সদস্য ও চারজন মেক্সিকান সেনাসদস্যসহ অন্তত ১১ জন নি হত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে শহরে অভিযান শেষে মেসা ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাকে সামরিক বিমানে করে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধীর তালিকায় ছিলেন।
যুক্তরাষ্ট্রে মা দ ক পাচার এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তাকে খুঁজছিল মার্কিন কর্তৃপক্ষ। তাকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাত প্রায় ৭টার দিকে গুয়াসাভে শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষ শুরু হয়। মেসা ফ্লোরেসের অবস্থান শনাক্ত করে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। তবে সন্দেহভাজন অপরাধী চক্রের সদস্যরা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দিয়ে বাহিনীর ওপর হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
একপর্যায়ে সেনাসদস্যরা একটি বাড়িতে প্রবেশ করে মেসা ফ্লোরেসকে আটক করেন। তার সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পুরো অভিযানে মোট আটজনকে আটক করা হয়েছে।
তবে গ্রেপ্তারের পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেসা ফ্লোরেসের সহযোগীরা শহরের বিভিন্ন স্থানে গুলি চালায়, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয় এবং সড়কে আগুন জ্বালিয়ে অন্তত ১০টি প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে নিরাপত্তা বাহিনী তাকে দ্রুত শহর থেকে সরিয়ে নিতে পারেনি। শেষ পর্যন্ত শনিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী তাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়।
সংঘর্ষের সময় শহরের বিভিন্ন এলাকায় সামরিক হেলিকপ্টার ও ড্রোন উড়তে দেখা যায়। কয়েকটি ভিডিওতে একটি বেসবল খেলা চলাকালে গুলির শব্দে দর্শকদের আতঙ্কিত হয়ে পালিয়ে যেতে দেখা গেছে। আগুনে পুড়েছে গাড়ি, ট্রাক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
শহরটির স্থানীয় সাংবাদিক আলমা কামাচো জানান, গুয়াসাভের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। অনেক সড়কে পোড়া গাড়ি ও ট্রাক পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য দোকানপাট ও অন্যান্য স্থানে আশ্রয় নেন।
কে এই এল চাপো ইসিদ্রো
৪৪ বছর বয়সী মেসা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা মাদক চক্রের নেতৃত্বে ছিলেন। পরে নিজের নামে মেসা-ফ্লোরেস ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দুই দশকের বেশি সময় ধরে তার নেতৃত্বাধীন চক্র দেশটিতে বিপুল পরিমাণ মা দ ক পাচার করেছে।
তিনি সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ নামে পরিচিত একটি প্রভাবশালী গোষ্ঠীর ঘনিষ্ঠ মিত্র ছিলেন। বর্তমানে ওই গোষ্ঠী সিনালোয়া অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে সংঘাতে জড়িত।
মেক্সিকো সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দেওয়া গোয়েন্দা তথ্য এই অভিযান পরিচালনায় সহায়তা করেছে। দুই দেশের নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ বলেছেন, মেসা ফ্লোরেসকে আটক করা সিনালোয়ায় শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারও অভিযানটিকে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে বড় সাফল্য হিসেবে দেখছে।
তবে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, শীর্ষ অপরাধী নেতাদের গ্রেপ্তার করলেই সংশ্লিষ্ট চক্রের কার্যক্রম বন্ধ হয় না। বরং নেতৃত্বের শূন্যতা তৈরি হলে নতুন করে ক্ষমতার লড়াই ও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
মেক্সিকোর নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সাউসেদোর মতে, শুধু শীর্ষ নেতাদের আটক করে পুরো অপরাধী নেটওয়ার্ক ভেঙে ফেলা সম্ভব নয়। এসব চক্রের সঙ্গে যুক্ত সশস্ত্র সদস্য, স্থানীয় পর্যায়ের মা দ ক ব্যবসায়ী এবং অন্যান্য সহযোগী নেটওয়ার্ক সক্রিয় থাকলে সহিংসতা চলতেই পারে।
এদিকে, শনিবারও সিনালোয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেসা ফ্লোরেসের গ্রেপ্তারকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হলেও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে সিনালোয়ায় প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র হয় কি না, সেটিই এখন বড় প্রশ্ন।