লস এঞ্জেলেস

আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ ডিসেম্বর দক্ষিণ ক্যালিফোর্নিয়া সফরে আসছেন। এদিন সিমি ভ্যালির রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের রিগ্যান ন্যাশনাল ডিফেন্স ফোরামে মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন তিনি। গত শুক্রবার রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট এক ঘোষণায় ট্রাম্পের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। লাইব্রেরির এয়ার ফোর্স ওয়ান প্যাভিলিয়নে এই আয়োজন অনুষ্ঠিত হবে। তবে মূল ভাষণটি কেবল আমন্ত্রণপ্রাপ্ত অতিথিদের জন্য নির্ধারিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘রিকনস্ট্রাক্টিং স্ট্রেংথ, রিস্টোরিং পিস’ (শক্তি পুনর্গঠন, শান্তি পুনঃপ্রতিষ্ঠা)। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা নীতি, সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এটি রিগ্যান ন্যাশনাল ডিফেন্স ফোরামের ১৩তম আয়োজন। প্রতিবছর এই সম্মেলনে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, কংগ্রেস সদস্য, সামরিক নেতৃত্ব, বিদেশি প্রতিনিধিসহ প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের জন্য এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ১৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দায়িত্ব পালনরত মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনটিতে মূল বক্তা হিসেবে অংশ নিতে যাচ্ছেন। রিগ্যান ইনস্টিটিউটের পরিচালক রজার জাখেইম জানিয়েছেন, সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাতে তারা আগ্রহী। তার মতে, দায়িত্বে থাকা প্রেসিডেন্টের অংশগ্রহণ আয়োজনটির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দুই দিনব্যাপী সম্মেলন চলবে ৪ ও ৫ ডিসেম্বর। প্রথম দিনের মূল আকর্ষণ হবে ট্রাম্পের ভাষণ। এরপর সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য অভ্যর্থনা ও বিভিন্ন নীতিনির্ধারণী বৈঠকের আয়োজন রয়েছে। ৫ ডিসেম্বর দ্বিতীয় দিনে জাতীয় প্রতিরক্ষা, সামরিক শিল্পের সক্ষমতা বৃদ্ধি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সামরিক প্রয়োগ নিয়ে একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মার্কিন প্রশাসনের কর্মকর্তা, আইনপ্রণেতা, সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা অংশ নেবেন। উল্লেখ্য, রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে অবস্থিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের স্মৃতি ও রাজনৈতিক উত্তরাধিকার সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করে থাকে। ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক ও প্রতিরক্ষা নীতিসংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সামরিক কৌশল নিয়ে তার বক্তব্য কী হয়, তা নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে প্রত্যাশা রয়েছে।