লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের (এলএইউএসডি) বিশেষ শিক্ষা বিভাগের এক সহকারী কর্মীর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে যৌ ন নি পী ড়নের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ৩২ বছর বয়সী আবিলিও রোমেরো নামের ওই কর্মীকে গ্রেপ্তারের পর আদালতে দুটি অভিযোগ আনা হয়েছে।
লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যায় উডল্যান্ড হিলসের পিয়ার্স কলেজ থেকে রোমেরোকে গ্রেপ্তার করে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের সদস্যরা। ওই কলেজে একজন অপ্রাপ্তবয়স্ককে যৌ ন নি পী ড়নের অভিযোগসংক্রান্ত খবর পাওয়ার পর পুলিশ সেখানে যায়।
শেরিফ বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছে তদন্তের সময় তারা জানতে পারেন, রোমেরো লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের বিশেষ শিক্ষা বিভাগের সহকারী হিসেবে কর্মরত।
আদালতের নথি অনুযায়ী, শুক্রবার রোমেরোর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের একটি এবং শারীরিক আঘাতের আরেকটি অভিযোগ আনা হয়। তবে অভিযোগের বিষয়ে আদালতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে, অভিযোগকারী অপ্রাপ্তবয়স্কের সঙ্গে রোমেরোর সম্পর্ক কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি শেরিফ বিভাগ। তদন্তের স্বার্থ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণ দেখিয়ে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা।
অনলাইন আদালত নথিতে রোমেরোর পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি। শুক্রবার তাকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়। অর্থাৎ, জামিনের অর্থ জমা না দিয়েই আদালতের নির্ধারিত শর্তে তিনি মুক্তি পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিচারাধীন রয়েছে।
ঘটনাটি নিয়ে পিয়ার্স কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে সহযোগিতা করছে।
অন্যদিকে, লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট এনবিসি লস এঞ্জেলেসকে জানিয়েছে, তারা তদন্তের বিষয়ে অবগত রয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে কর্মীর চাকরির বর্তমান অবস্থা কিংবা তার বিরুদ্ধে নেওয়া নির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
পিয়ার্স কলেজে ঘটে যাওয়া অভিযোগের তদন্ত করছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিশেষ ভুক্তভোগী তদন্ত ব্যুরো। সংবেদনশীল এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য গোপন রেখে তদন্ত চালানো হচ্ছে।
উল্লেখ্য, লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সরকারি স্কুল ডিস্ট্রিক্ট। প্রতিষ্ঠানটির বিশেষ শিক্ষা বিভাগে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও সহকারী কর্মীরা কাজ করেন।
তবে রোমেরোর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।