লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো চালকবিহীন রোবোট্যাক্সি নিয়ে যাত্রা শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান জুক্স। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সান্তা মনিকায় প্রতিষ্ঠানটির বিশেষভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্যাক্সি রাস্তায় নামে। তবে প্রাথমিক পর্যায়ে এসব গাড়িতে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না।
জুক্সের কর্মী, তাঁদের পরিবারের সদস্য ও বন্ধুরাই আপাতত এই সেবা ব্যবহারের সুযোগ পাবেন। সাধারণ মানুষের জন্য যাত্রী তালিকা বা ওয়েটলিস্ট আগামী বছর খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
জুক্সের রোবোট্যাক্সিগুলো প্রচলিত গাড়ির মতো নয়। এগুলো শুরু থেকেই চালকবিহীন যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে। গাড়িগুলোতে স্টিয়ারিং হুইল বা অ্যাক্সিলারেটর প্যাডেল নেই। ভেতরে যাত্রীদের মুখোমুখি বসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি গাড়িগুলো ঘুরিয়ে না নিয়েও দুই দিকেই চলতে পারে।
এর আগে ২০২৫ সালের বসন্ত থেকে লস এঞ্জেলেস অঞ্চলে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষার কার্যক্রম চালিয়ে আসছিল জুক্স। তবে পরীক্ষার জন্য ব্যবহৃত পরিবর্তিত টয়োটা এসইউভিগুলো যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে না।
লস এঞ্জেলেসে জুক্সের এই যাত্রা স্বয়ংক্রিয় ট্যাক্সি বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে। বর্তমানে এ অঞ্চলে ওয়েমো চালকবিহীন ট্যাক্সি সেবা পরিচালনা করছে। ওয়েমো সাধারণ গাড়িতে স্বয়ংক্রিয় প্রযুক্তি যুক্ত করে সেবা দিলেও জুক্স সম্পূর্ণ আলাদা নকশার গাড়ি তৈরি করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সান্তা মনিকা দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে লস এঞ্জেলেস কাউন্টির অন্য এলাকাতেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সান ফ্রান্সিসকো ও লাস ভেগাসে ইতোমধ্যে জুক্সের রোবোট্যাক্সি সেবা চালু রয়েছে।