আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ২৪টি মরদেহের ব্যাগ সরিয়েছে পুলিশ। তবে এতে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনে নিখোঁজ কর্মীদের সন্ধানে উদ্ধার অভিযান সোমবার সকালে আবার শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাভার সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া নামের কারখানাটিতে আগুন লাগে। এটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির একটি প্রতিষ্ঠান। কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী, ১৯৮১ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। রোববারও কারখানার বিভিন্ন স্থানে আগুনের অবশিষ্ট উত্তপ্ত অংশ নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। আগুন লাগার পর নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু হলেও রাতের বেলায় তা স্থগিত রাখা হয়। পরে সোমবার সকালে অভিযান আবার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান মেট্রো টিভিকে জানান, সোমবার সকালে উদ্ধারকাজ পুনরায় শুরু হবে। কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন এরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের শিফটে সেখানে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট ৬৫ জন কর্মীর মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন। চারজন চিকিৎসাধীন রয়েছেন। ২৯ জন এখনো নিখোঁজ এবং বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আগুনের তীব্রতায় উদ্ধার হওয়া মরদেহগুলোর চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, নিখোঁজ কর্মীদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত করতে এ প্রক্রিয়ায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ২৪টি ব্যাগের সবগুলোতে একজন করে ব্যক্তির মরদেহ রয়েছে কি না, তা নিশ্চিত নয়। কোনো কোনো ব্যাগে একাধিক ব্যক্তির দেহের অংশ থাকতে পারে। এ কারণে নিহতের সঠিক সংখ্যা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভবনের কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। ফলে উদ্ধারকাজে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়াজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী রয়েছেন। দেশটির জাতীয় সদর দপ্তরের পাশাপাশি চারটি আন্তর্জাতিক কার্যালয় রয়েছে কোম্পানিটির। তাদের পণ্যের বাজার ২৫ কোটির বেশি মানুষের কাছে বিস্তৃত।