লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতি জানাতে পরিচিত মুখ এলএ কাউন্টির হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর বারবারা ফেরার। এক ব্যক্তিগত বিবৃতিতে ফেরার জানিয়েছেন, তিনি ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সোমবার এই বিবৃতি দেওয়া হয়।
করোনাভাইরাস থেকে বাসিন্দাদের নিরাপদ রাখতে নিয়মিত তথ্য ও পরামর্শ দিচ্ছেন বারবারা ফেরার। মে মাস থেকে তিনি হুমকি পেয়ে আসছেন বলে জানিয়েছেন। বারবারা বলেন, কেউ একজন বলতে চাচ্ছে আমাকে গুলি করা উচিত।
তিনি আরও বলেন, আমি তাৎক্ষণিকভাবে ওসব বার্তা দেখিনি। তবে আমার স্বামী-সন্তানেরা দেখেছে। আমার সহকর্মীরাও এ বিষয়ে জানে। ইমেইল, পাবলিক পোস্ট ও চিঠির মাধ্যমে কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্টে কর্মরতদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তা থেকে নিরাপত্তার জন্য আমি এসব বলছি।
স্বাস্থ্য কর্মকর্তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে বারবারা আরও বলেন, জীবন বাঁচানোর জন্য আমাদের নির্ভর করতে হয় বিজ্ঞানের ওপর। আমরা ভাইরাস তৈরি করিনি। আমরা প্রতিদিন সর্বোচ্চটা দিয়ে কাজ করতে আসি। সকলের জন্য।
প্রাণহানি কমিয়ে আনাটাই লক্ষ্য বলে উল্লেখ করেন বারবারা ফেরার। ভাইরাস নিয়ে কমিউনিটি এখনই হতাশ হয়ে গেলেও ভাইরাস এখনই ছেড়ে কথা বলছে না বলে জানান বারবারা।
ক্যালিফোর্নিয়ার মোট করোনা আক্রান্ত ও মৃত্যুর অর্ধেকই লস এঞ্জেলেস কাউন্টিতে। তাই সাবধানতার সাথে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনোদেনকেন্দ্র সচল করতে হচ্ছে। খুলে দেওয়া হয়েছে হেয়ার সেলুন, রেস্টুরেন্ট। তবে সকলক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।
এসব ক্ষেত্রে কাউন্টির হেলথ ডিপার্টমেন্ট নেতৃত্ব দিচ্ছে। করোনা মহামারি শুরুর পর হতে অন্তত ৬জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা পদত্যাগ করেছেন। এমনটাই জানিয়েছে হেলথ অফিসার্স অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ