লস এঞ্জেলেস

জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় লস এঞ্জেলেসে বিক্ষোভ, আটক ১০

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে পুলিশের গুলির ঘটনায় সারা দেশের মতো প্রতিবাদ ছড়িয়ে পড়ছে লস এঞ্জেলেসেও। বুধবার লস এঞ্জেলেসে ডাউনটাউনে এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দশ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। 


বুধবার সন্ধায় প্রায় ৩শ’ জনের একটি মিছিল ডাউনটাউনের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে থাকে। রাত এগারোটার দিকে বিক্ষোভকারীরা স্প্রে পেইন্টিং নিয়ে ওয়েস্ট ফিফথ স্ট্রিটে অবস্থিত ইউএস ব্যাঙ্ক টাওয়ারের কাঁচে স্প্রে করে। 

সেখানে থেকে বিক্ষোভকারীরা থার্ড স্ট্রিট টানেলে পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। 

বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ও বিভিন্ন বস্তু ছুঁড়তে থাকে। এসময় কিছু পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে দেয় ও অগ্নি বিহীন অস্ত্র প্রয়োগ করে। 

নাশকতা চালানো ও পুলিশি হেফাজত থেকে একজনকে কেড়ে নেয়ার সন্দেহে পুলিশ দশ জন বিক্ষোভকারীকে সেখান থেকে আটক করে। 

এলএপিডি’র অ্যাসিসট্যান্ট চিফ হোর‍্যাস ফ্র্যাঙ্ক বলেন, “তারা (বিক্ষোভকারীরা) ইতোমধ্যেই জানমালের ক্ষতি করেছে। তারা আইন মানতে অস্বীকৃতি জানায়। তাদের কাছে নিষিদ্ধ অস্ত্র আছে কিনা তা পর্যেবেক্ষণ করা হচ্ছে।”

এলএপিডি’র আরেক কর্মকর্তা মাইক চ্যান্স বৃহস্পতিবার সকালে জানান, ঠিক কতোজন বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়েছেন তা এখনো ক্ষতিয়ে দেখা হচ্ছে। 


উল্লেখ্য, গত রবিবার (২৩ আগস্ট) উইসকনসিনের কেনোশায় ২৯ বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে সন্তানদের উপস্থিতিতেই পুলিশ গুলি করার পর উইসকনসিনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ ফিলাডেলফিয়া, নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরেও ছড়িয়ে পড়ে। 






এলএ বাংলা টাইমস/এমকে