ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে আবার অবনতি হয়েছে করোনাভাইরাস পরিস্থিতির। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে জানিয়েছিলেন, শীতে ভয়াবহ সময় অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। সেই ভয়াবহ পরিস্থিতির ঢেউ লস এঞ্জেলেস কাউন্টিতেও শুরু হয়েছে।
এরমধ্যে প্রথমবারের মতো লস এঞ্জেলেস এর বাসিন্দারা তাদের মুঠোফোনে করোনা বিষয়ে ক্ষুদে বার্তা পেয়েছেন। বার্তায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার বিষয়ে সতর্ক করার পাশাপাশি মাস্ক ব্যবহার এবং ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার উপসর্গ দেখা দিলে টেস্ট করানোর অনুরোধ জানানো হয়েছে বাসিন্দাদের৷
লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি মঙ্গলবার (১০ নভেম্বর) বাসিন্দারের সতর্ক করে বলেন, আসন্ন করোনার ঢেউ আগামী দুই সপ্তাহ লস এঞ্জেলেসকে কঠিন পরীক্ষার মুখোমুখির করবে৷ দুই সপ্তাহ পরেই বোঝা যাবে করোনার দ্বিতীয় ঢেউ সাময়িক নাকি আগামী হলিডে সিজন পর্যন্ত বহাল থাকবে।
লস এঞ্জেলেসের কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কর্তৃপক্ষ জানায়, করোনায় মঙ্গলবার লস এঞ্জেলেসে ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ৩১৮ জন।
এছাড়াও আশংকাজনক হারে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা৷ বর্তমানে লস এঞ্জেলেসে ৯০০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ২৮ শতাংশ রোগীই ইনসেনটিভ কেয়ারে ভর্তি আছেন।
লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি কিছুদিন আগেও 'রি-ওপেনিং' কার্যক্রম শুরু করার প্রস্তাব রেখেছিলো৷ কিন্তু যুক্তরাষ্ট্রজুড়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসসহ আরো ১১টি কাউন্টি এই পরিকল্পনা থেকে সরে এসেছে৷
মেয়র এরিক গারসেটি বাসিন্দাদের করোনাভাইরাস এর স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে অনুরোধ করেন। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত এমন ব্যক্তিদের সাথে অনেকের সংস্পর্শের ঘটনাও ঘটেছে বলে সতর্ক করেন তিনি। এছাড়াও যেকোনো ধরণের 'সোশ্যাল গেদারিং' এড়িয়ে চলতে নির্দেশ দেন।
করোনাভাইরাসের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর হলেও এটিকে এখনই অনুমোদন দেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে মেয়র এরিক গারসেটির। ফেডেরাল অনুমোদন পেলে তবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেছেন এরিক গারসেটি।
এলএবাংলাটাইমস /ওএম