লস এঞ্জেলেসে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) লস এঞ্জেলেসে ৮ হাজার ৮৬০ জন বাসিন্দা নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেসে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ৭ হাজার ৮৫৪ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ডও হয়েছে। শুক্রবারে একদিনে ২ হাজার ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হয়। এছাড়া কাউন্টি জুড়ে মারা গেছে ৬০ জন।
লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেন, গত এক সপ্তাহে লস এঞ্জেলেসের হাসপাতালে যতো রোগী ভর্তি হয়েছে, পুরো অক্টোবর মাস জুড়ে এতো রোগী ভর্তি হয়নি। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্স এবং আইসিইউতে রোগী বেড়েই চলেছে। মাত্র দুই সপ্তাহ আগেও লস এঞ্জেলেসে গড় মৃত্যুর হার ছিলো ২১ জন।
সংক্রমণ কমাতে বাসিন্দাদের সতর্ক হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানান মেয়র এরিক গারসেটি। ইতোমধ্যে সংক্রমণ কমাতে বেশকিছু পদক্ষেপ জারি করেছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।
নতুন নীতিমালা অনুযায়ী, বাসিন্দারা বাড়ির বাইরে জনসমাগম করতে পারবে না। তবে ধর্মীয় কাজ ও আন্দোলনের জন্য একত্রে জড়ো হওয়া যাবে।
তবে সকল প্রকার রিটেইল ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে৷ তবে এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রে কাউন্টি অব লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট প্রণোদিত পাবলিক হেলথ প্রটোকল মেনে চলতে হবে৷
এছাড়া পার্ক, গলফ কোর্স, টেনিস কোর্ট ও সমুদ্রের বীচ খোলা থাকবে। যাতায়াতের জন্য ট্রেনও খোলা রাখা হবে।
মেয়র এরিক গারসেটির মুখপাত্র এলেক্স কমিসার বলেন, 'সিটি অব লস এঞ্জেলেস ও লস এঞ্জেলেস কাউন্টির জন্য একই নিয়ম বহাল থাকবে'।
এর আগে মেয়র এরিক গারসেটি বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দিয়ে বলেন, 'যদি ঘরে থাকা সম্ভব হয়, আপনাকে বাইরে বেরোতে না হয়, তবে অবশ্যই ঘরে থাকুন'।
এলএবাংলাটাইমস/ওএম