লস এঞ্জেলেস

প্রণোদনার ১ বিলিয়ন ডলার প্রতারকদের হাতে

ক্যালিফোর্নিয়ায় কর্মহীনদের জন্য বরাদ্দ ভাতার ১ বিলিয়ন ডলার প্রতারকদের হাতে চলে গেছে বলে অভিযোগ এসেছে। ক্যালিফোর্নিয়া ছাড়া অন্যান্য রাজ্যেও প্রতারকরা একইভাবে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। কর্মহীনদের জন্য বরাদ্দ ভাতার অর্থ অনেকেই ভুয়া পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। এরমধ্যে কারাগারে রয়েছে বা মারা গেছে এমন কারো পরিচয় ব্যবহার করেছে প্রতারকরা। সুনির্দিষ্টভাবে যাচাই না করে অর্থ বরাদ্দ না দেওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। এদিকে, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এবং প্রকৃত কর্মহীন অনেকেই ভাতার অর্থ পায়নি বলে অভিযোগ আছে। তবে প্রতারকদের শাস্তির আওতায় আনতে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে সান ডিয়েগো কাউন্টি, সেক্রামেন্টো এবং রিভারসাইড এর এটর্নি জেনারেল ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে গভর্নরের ক্ষমতা ব্যবহার করে প্রতারকদের ধরতে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে৷ এটর্নি জেনারেল চিঠিতে গভর্নরকে বলেন, কর্মহীন বাসিন্দাদের প্রণোদনার ১ বিলিয়ন অর্থ 'ভুয়া খাতে' চলে গেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। এটির জন্য বিশদ তদন্তের প্রয়োজন। ভাতার জন্য যেসব বাসিন্দারা আবেদন করেছেন, তাদের প্রকৃত অবস্থা যাচাই করা দরকার। ইতোমধ্যে প্রতারণার দায়ে অনেক প্রতারক আটক হয়েছে। বেশিরভাগ বাসিন্দারা কারাগারে বা ক্লিনিকে থাকা নাগরিকদের ভুয়া পরিচয় ঠিকানা ব্যবহার করে ইডিডি কার্ডের মাধ্যমে প্রণোদনার টাকা তুলে নেয়৷ প্রতারণা বেড়ে যাওয়ায় গভর্নর গেভিন নিউসাম কর্মহীনদের পরিচয় সনাক্ত করতে নতুন পদ্ধতির ঘোষণা দেন৷ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অন্য কেউ যেনো প্রণোদনার অর্থ না পায়, সেটি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে গভর্নর অফিস। এলএবাংলাটাইমস/ওএম