যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। তবে সাম্প্রতিক সময়গুলোতে অন্যত্র স্থায়ী হতে রাজ্য ছাড়ছেন অনেকে। এটির জের পড়েছে রাজ্যটির জন্মহারে।
সম্প্রতি প্রকাশিত তথ্য মতে, ক্যালিফোর্নিয়ায় জন্মহার কমার রেকর্ড হয়েছে। রাজ্যটিতে জন্মহার এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত জন্মহার বেড়েছে মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ। আর ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্যত্র সরে গেছে ১ লাখ ৩৫ হাজার ৬৫০ জন বাসিন্দা।
সাম্প্রতিক সময়গুলোতে বেশ কয়েকজন বলিষ্ঠ রাজনীতিবিদ ও ব্যবসায়ের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি ক্যালিফোর্নিয়া ছেড়েছেন। মূলত ক্যালিফোর্নিয়ায় জীবন যাত্রার খরচ বেশি। আর রাজ্যটিতে ট্যাক্সের পরিমাণ বেশি। ফলে অনেকেই আরো কম ট্যাক্স ও সস্তা জীবন যাত্রার জন্য অন্যত্র সরে যাচ্ছে।
এছাড়া সাম্প্রতিক সময়গুলোতে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল হয়েছে ক্যালিফোর্নিয়া। তীব্র গরম, একের পর এক দাবানল আর ভূমিকম্পে অস্থির হয়ে আছে ক্যালিফোর্নিয়ার প্রকৃতি। তার সাথে যোগ হয়েছে করোনার সংক্রমণ। এসবের জেরে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। সর্বশেষ টেসলার সিইও ইলন মাস্ক ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে স্থায়ী হয়েছেন।
এছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে ইমিগ্রেশন নীতিতে অনেক পরিবর্তন হয়েছে। ফলে ২০১৭ সাল থেকেই মূলত জন্মহার কমে গেছে। এর কারণ এখন যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে ও নাগরিকত্ব নিতে আগের থেকে বেশি অর্থ খরচ করতে হয়।
তবে জন্মহার তেমন না বাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ উঠে এসেছে প্রতিবেদনে। প্রতিবেদন মতে, ক্যালিফোর্নিয়ায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, সে পরিমাণ শিশু জন্ম নিচ্ছে না। ২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে আগের থেকে গড়ে ৪ হাজার বেশি মারা যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়।
এলএবাংলাটাইমস/ওএম