লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। তবে করোনার নতুন স্ট্রেইন ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে সতর্ক করছে স্বাস্থ্য কর্মকর্তারা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে ২ হাজার ৩৯৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। এছাড়া মারা গেছে আরো ১৩৬ জন। এর মধ্যে দুজন কেন্ট স্ট্রেইন বা B.1.1.7 আক্রান্ত রোগী রয়েছে।
লস এঞ্জেলেসের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আগামী মার্চের শেষের দিকে কেন্ট স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে৷ তাই বাসিন্দাদের মাস্ক ব্যবহার ও দূরত্ব মেনে চলতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া কেন্ট স্ট্রেইন সাধারণ ফ্লু এর থেকে ৩০ থেকে ৭০ শতাংশ দ্রুত ছড়ায় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ৪২ টি রাজ্যে ইতোমধ্যে কেন্ট স্ট্রেইন ছড়িয়ে পড়েছে।
লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত কেন্ট স্ট্রেইনে আক্রান্ত ১৪ জন রোগী শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, অল্প সংখ্যক রোগীর উপর কেন্ট স্ট্রেইনে আক্রান্ত কী না, সেটি পরীক্ষা চালানো হয়েছে।
লস এঞ্জেলেস ছাড়াও আলামেডা, অরেঞ্জ কাউন্টি, সান বার্নার্ডিনো, রিভারসাইড কাউন্টি, সান দিয়েগো, সান মাতেও এবং ইলো কাউন্টিতে B.1.1.7 স্ট্রেইনে আক্রান্ত রোগী পাওয়া গেছে৷
স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, নতুন স্ট্রেইনের কারণে আরেকটি আক্রান্তের ঢেউয়ের মুখোমুখি হবে লস এঞ্জেলেস কাউন্টি। টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলেও অনেক স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কেন্ট স্ট্রেইনের বিরুদ্ধে টিকার কার্যকারীতা অনেক কমে যেতে পারে।
টিকাদান কর্মসূচি যদি ধীরগতিতে চলে ও বাসিন্দারা করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে আরেকটি ভয়াবহ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'আমাদের অবশ্যই করোনার সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন আক্রান্ত ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। তবে সঠিক স্বাস্থ্যবিধি না চললে নতুন স্ট্রেইন ছড়িয়ে যাবে'।
লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে ২ হাজার ৩৬৯ জন। দুই সপ্তাহ আগের থেকে সংখ্যাটি কমে গেছে ৪৪ শতাংশ। তবে বৈরি আবহাওয়ার কারণে বেশকিছু টিকাদান কেন্দ্র বন্ধ রাখা রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম