ইস্ট হলিউডের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিচে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, প্রথমে মঙ্গলবার রাত ২:৫২ মিনিটে নর্থ কিংসলে ড্রাইভের ৬০০ নম্বর ব্লকের তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।
"ফায়ারফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে ভবনের নিচতলার পার্কিং এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেখতে পান," এলএএফডি জানিয়েছে। "আগুন থেকে সৃষ্টি হওয়া প্রচণ্ড ধোঁয়ার কারণে ভবনের দুইটি আবাসিক তলা খালি করা হয়।"
স্থানীয় সংবাদ মাধ্যম কেটিএলএ-র প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, ভবনের প্রথম তলার জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকল কর্মীরা একটি ধাতব বেড়া ভাঙার চেষ্টা করছেন।
অ্যাপার্টমেন্ট ভবনের দুই বাসিন্দা, ২৯ বছর বয়সী এক নারী ও ১০ বছর বয়সী এক ছেলেকে উদ্ধার করে ঘটনাস্থলে থাকা প্যারামেডিকরা স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রায় ৪০ থেকে ৫০ জন ফায়ারফাইটার সম্মিলিতভাবে ৩৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এলএএফডি জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন।
এলএবাংলাটাইমস/ওএম