লস এঞ্জেলেস

গৃহহীনদের ফ্রি খাবার দেওয়া জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতা নির্মমভাবে হামলার শিকার

লস এঞ্জেলেসের স্কিড রো-তে গৃহহীনদের জন্য নিয়মিতভাবে ফ্রি খাবার সরবরাহ করা এক জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতা ক্রিস বেইলি নির্মমভাবে হামলার শিকার হয়েছেন। হামলাকারী এখনো পলাতক। ক্রিস বেইলি, যিনি TikTok-এ @kloverkinglosangeles নামে পরিচিত, ডাউনটাউন লস এঞ্জেলেসের ব্যস্ত রাস্তায় নিয়মিতভাবে তার ফুড কার্টে রান্না করে গৃহহীনদের খাবার পরিবেশন করেন। হামলার ঘটনা ঘটে এপ্রিল ২২ তারিখে দুপুর নাগাদ, যখন বেইলি 1st Street ও Grand Avenue-র কাছে তার স্টেশন গুটাচ্ছিলেন। সেই সময় একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ এগিয়ে এসে তাকে মারধর করে। বেইলি বলেন, “আমি গাড়িতে জিনিসপত্র তুলছিলাম। হঠাৎ করে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লোকটা বলে, ‘এইটা গ্লিজির জন্য’— তারপর সরাসরি আমার মুখে মার দেয়।”
তিনি আরও জানান, “প্যারামেডিকরা বলেছে হামলাকারীর হাতে কোনো ধাতব বস্তু ছিল। সেটা বন্দুক ছিল নাকি ব্রাস নকলস, নিশ্চিত না, কিন্তু ওটা দিয়ে আমার মুখ কেটে দিয়েছে, চোখের পাতাও ফেটে গেছে। আমার মুখে এখন ৮টা সেলাই দেওয়া হয়েছে।” হামলাকারীকে তিনি চিনতে পারেননি, তবে সন্দেহ করছেন যে, সম্ভবত একজন পরিচিত স্ট্রিট ফুড বিক্রেতা—যিনি বেইলির সোশ্যাল মিডিয়ায় সাফল্যে ঈর্ষান্বিত—এই হামলার পেছনে থাকতে পারে। TikTok-এ তার রয়েছে ৩.৮ লাখের বেশি ফলোয়ার, যারা নিয়মিত দান করে তার মানবিক উদ্যোগকে টিকিয়ে রাখতে সাহায্য করে। বেইলি বলেন, “আমি নিজেও একসময় নেশা ও গৃহহীনতার শিকার ছিলাম। সেই অতীত থেকে উঠে এসে এখন আমি শুধু অন্যদের সাহায্য করতে চাই।” প্রতিটি সপ্তাহান্তে, বেইলি ও তার টিম লস এঞ্জেলেসের বিভিন্ন এলাকায় গৃহহীনদের জন্য খাবার রান্না ও বিতরণ করে। সম্প্রতি জানুয়ারির ভয়াবহ দাবানলের সময় তিনি সান্তা আনিতা রেস ট্র্যাকে হাজার হাজার স্বেচ্ছাসেবক ও ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করেছিলেন। হামলার পর, আহত হলেও বেইলি থেমে যেতে রাজি নন।
তিনি বলেন, “আমি প্রচণ্ড ব্যথায় আছি, কিন্তু আমি কখনো হার মানব না। এই ঘটনা আমাকে থামাতে পারবে না। আমি একজন স্ট্রিট ভেন্ডর, আমার জীবনকে ভালোবাসি, মেয়েকে সঠিকভাবে বড় করতে চাই, এবং ভালো বাবা হতে চাই। আমি কাউকে বিরক্ত করিনি। আমি একজন ভালো মানুষ, আমি এটা ডিজার্ভ করিনি।” হামলাকারী এখনও পলাতক। এই হামলার কোনো প্রত্যক্ষদর্শী বা যার কাছে তথ্য রয়েছে, তাকে অনুরোধ করা হচ্ছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে: 1-877-527-3247।

এলএবাংলাটাইমস/ওএম