লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ট্রাম্পবিরোধী 'Rage Against the Regime' বিক্ষোভ: ব্যঙ্গাত্মক বেলুন আর রাস্তায় জনতার ঢল

শনিবার লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে (DTLA) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রজুড়ে আয়োজিত ‘Rage Against the Regime’ আন্দোলনের একটি অংশ। ‘৫০৫০১’ নামের একটি সংগঠনের আয়োজনে বিক্ষোভটি এলএ সিটি হল থেকে শুরু হয়। আয়োজকরা একে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির—বিশেষ করে অভিবাসন কঠোরকরণ এবং ফেডারেল সংস্থাগুলোর কার্যক্ষমতা হ্রাসের—বিরুদ্ধে একদিনের গণআন্দোলন হিসেবে অভিহিত করেন। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে মিছিল করেন। তাদের সঙ্গে ছিল ট্রাম্পকে ডায়াপার পরা অবস্থায় ব্যঙ্গ করে তৈরি বিশাল ২০ ফুট উচ্চতার বেলুন, যা বিক্ষোভের প্রতীক হয়ে ওঠে। প্রতিবাদকারীদের একটি বড় অংশ মিছিল করে ফেডারেল ভবনের সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে আলামেডা স্ট্রিটের টেম্পল ও আলিসো স্ট্রিটের মাঝামাঝি অংশে সাউথবাউন্ড লেইন অবরোধ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীদের কয়েক ফুট দূরে সারিবদ্ধভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। এই বিক্ষোভ চলতি বছরে ট্রাম্পবিরোধী দেশব্যাপী একাধিক আন্দোলনের সর্বশেষ সংযোজন। এর আগে জুন মাসে আয়োজিত 'No Kings' আন্দোলনের সময় আয়োজকরা দাবি করেন, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত শত শত শহরে মিলিয়নের বেশি মানুষ অংশ নিয়েছিল। ‘Rage Against the Regime’ আন্দোলন এখন নতুন করে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলছে বলে মত বিশ্লেষকদের।  এলএবাংলাটাইমস/ওএম