লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে হাইস্কুলে ভাঙচুর-চুরি: সাপ ও কঙ্কাল উদ্ধার

লস এঞ্জেলেস কাউন্টির সান গ্যাব্রিয়েল ভ্যালির একটি হাইস্কুলে ভাঙচুর ও চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জীবিত একটি সাপ, একটি প্রতিকৃতি কঙ্কাল এবং রাসায়নিক পরীক্ষার সরঞ্জামসহ চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গত ২০ জুলাই রাত প্রায় ১২টার দিকে, যখন সন্দেহভাজনরা জানালা দিয়ে হুইটিয়ার হাইস্কুলে প্রবেশ করে। তারা স্কুলে প্রায় ১০ হাজার ডলারের ক্ষতি করে এবং একাধিক শ্রেণিকক্ষ থেকে জীবিত সাপসহ প্রায় ১২ হাজার ডলারের সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন স্কুল রিসোর্স অফিসারের সহায়তায় স্থানীয় এক কিশোরকে শনাক্ত করে পুলিশ। তাকে ফৌজদারি ভাঙচুর ও চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। ওই কিশোরের বাসায় তল্লাশি চালিয়ে চুরি হওয়া সব জিনিস উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল জীবিত সাপ, জীবিত মাছ, রাসায়নিক পরীক্ষার সরঞ্জাম এবং একটি প্রতিকৃতি কঙ্কাল। বাকি দুই সন্দেহভাজনকে পুলিশ দীর্ঘদিন ধরেও গ্রেফতার করতে পারেনি। অবশেষে সোমবার গোয়েন্দারা হুইটিয়ার এলাকার বাসিন্দা জেডেন মার্টিন (১৯) ও অ্যালেক্সিয়া ভ্যালেস (১৮)-কে শনাক্ত করে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধেও ফৌজদারি ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম