লস এঞ্জেলেস

২৪টি স্যাটেলাইট নিয়ে স্পেসএক্স রকেটের সফল উড্ডয়ন, আলোকিত হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশ

বুধবার রাতে ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের একটি রকেট উড্ডয়ন করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কুয়াশাচ্ছন্ন আকাশ আলোকিত করেছে। স্পেসএক্স জানিয়েছে, ‘স্টারলিংক’ মিশনের রকেটটি স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটের নির্ধারিত সময়েই উড্ডয়ন করে, যদিও লঞ্চপ্যাডের সরাসরি সম্প্রচারে ঘন কুয়াশা দেখা যাচ্ছিল। তবে উড্ডয়নের পর পোর্টার র্যাঞ্চ থেকে ধারণ করা ফুটেজে দেখা যায়, ফ্যালকন ৯ রকেটটি সান ফার্নান্দো ভ্যালির আকাশে উজ্জ্বল রেখা তৈরি করে উড়ে যাচ্ছে। রকেটটি নিম্ন-কক্ষপথে (লো-আর্থ অরবিট) ২৪টি স্টারলিংক স্যাটেলাইট বহন করে নিয়ে গেছে। স্পেসএক্স জানিয়েছে, এই মিশনে ব্যবহৃত প্রথম ধাপের বুস্টারটি এর আগে আরও চারটি স্টারলিংক মিশন সফলভাবে সম্পন্ন করেছে। ধাপ বিচ্ছেদের পর প্রথম ধাপের বুস্টারটি প্রশান্ত মহাসাগরে অবস্থানরত ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’ নামের ড্রোনশিপে সফলভাবে অবতরণ করে। এ ধরনের অবতরণের সময় সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে প্রচণ্ড শব্দের সোনিক বুম শোনা যায়।

এলএবাংলাটাইমস/ওএম