মার্কিন ধনকুবের রিয়েল এস্টেট উদ্যোক্তা রিক কারুসো ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর কিংবা লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন না। তবে তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ৬৭ বছর বয়সী কারুসো বলেন, “গত এক বছরে আমি ভেবেছি কীভাবে লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়াকে আরও শক্তিশালী করা যায়। বিভিন্ন শিল্প ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের আশা ও প্রত্যাশার কথা শুনেছি—এটি আমার জন্য সম্মানের ছিল। যারা আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিয়েছেন এবং তাদের সময় ও শ্রম দিয়েছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
রিক কারুসোর নাম দীর্ঘদিন ধরেই সম্ভাব্য গভর্নর প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। বর্তমান গভর্নর গ্যাভিন নিউজম মেয়াদসীমার কারণে আর প্রার্থী হতে পারবেন না এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
কারুসো এর আগে লস অ্যাঞ্জেলেসের বর্তমান মেয়র ক্যারেন ব্যাসের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২২ সালের মেয়র নির্বাচনে ব্যাসের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। বিশেষ করে গত বছরের জানুয়ারিতে মালিবু ও প্যাসিফিক প্যালিসেডস এলাকায় সংঘটিত ভয়াবহ প্যালিসেডস অগ্নিকাণ্ড নিয়ে মেয়র ব্যাসের ভূমিকার সমালোচনা করেন কারুসো। ওই এলাকায় কারুসোর একাধিক সম্পত্তি রয়েছে।
গত শরতে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কারুসো বলেছিলেন, তিনি ক্যারেন ব্যাসের বিরুদ্ধে পুনরায় মেয়র নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
নিজের সাম্প্রতিক ঘোষণায় তিনি বলেন, “এই পুরো সময়ে দুটি প্রশ্ন আমার ভাবনাকে পরিচালিত করেছে—আমি কোথায় সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারি এবং নির্বাচনী রাজনীতিতে নামলে আমার পরিবারের ওপর তার কী প্রভাব পড়বে। পরিবারের সঙ্গে অনেক আবেগপূর্ণ আলোচনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে নির্বাচিত কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটি আমার জন্য কঠিন সিদ্ধান্ত, এবং ক্যালিফোর্নিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পেরে আমি সত্যিই হতাশ।”
ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে বর্তমানে আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ডেমোক্র্যাট দলের সাবেক কংগ্রেস সদস্য কেটি পোর্টার এবং রিপাবলিকান দলের সাবেক ফক্স নিউজ উপস্থাপক স্টিভ হিলটন, যারা প্রাথমিক জরিপে এগিয়ে আছেন। এছাড়া ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলও একজন শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে এসেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি এই নির্বাচনে অংশ নেবেন না।
কারুসো আরও বলেন, “আমার নাম ব্যালটে না থাকলেও আমার কাজ থেমে থাকবে না। স্টেডফাস্ট এলএ-এর মাধ্যমে প্যালিসেডস ও ইটন অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের সহায়তা করা, পাশাপাশি আমার কোম্পানি ও পারিবারিক ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় সম্প্রদায়কে শক্তিশালী করার কাজে আমি গর্ব অনুভব করি। আমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হই মানুষের কথা শুনে, একসঙ্গে কাজ করে এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে—যাতে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা যায়।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “জনসেবার জন্য কোনো পদবির প্রয়োজন হয় না। এটি আমার জীবনের আহ্বান ছিল, আছে এবং থাকবে। আমি ভিন্ন অবস্থান থেকে হলেও আমাদের সম্প্রদায়ের সেবা করে যেতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম