লস এঞ্জেলেস

ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট অবৈধভাবে স্বল্পমেয়াদি ভাড়ায় রূপান্তর করে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার লাভ করার অভিযোগে একদল স্থানীয় বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা মনিকা শহর কর্তৃপক্ষ। শহরের দাখিল করা মামলায় বলা হয়েছে, এনায়াতি পরিবার ও তাদের সংশ্লিষ্ট কোম্পানিগুলো অন্তত ২৫টি সম্পত্তির অন্তত ৬২টি ভাড়া-নিয়ন্ত্রিত ইউনিটকে অবৈধ স্বল্পমেয়াদি ভাড়ার জন্য ব্যবহার করেছে। এসব ইউনিটে প্রায় ৩ হাজারবার অতিথি থাকার বুকিং নেওয়া হয়েছে, যা সান্তা মনিকার রেসিডেনশিয়াল লিজিং রিকোয়ারমেন্টস অর্ডিন্যান্স লঙ্ঘন করে করা হয়েছে। সিটি অ্যাটর্নিদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করতেন। প্রথমে দীর্ঘমেয়াদি ভাড়াটিয়া ইউনিট ছেড়ে দিলে সেটি অনলাইনে তালিকাভুক্ত করা হতো। এরপর মাসিক বা স্বল্পমেয়াদি ভাড়ায় ইউনিট ভাড়া দেওয়া হতো। পরে বুকিং চূড়ান্ত হওয়ার পর একটি তথাকথিত এক বছরের লিজ চুক্তি তৈরি করা হতো, যাকে শহর কর্তৃপক্ষ “ভুয়া” বা “নামমাত্র” লিজ হিসেবে উল্লেখ করেছে। মামলায় বলা হয়েছে, অতিথিরা প্রকৃতপক্ষে এয়ারবিএনবির মাধ্যমে তাদের থাকার সময় নির্ধারণ করতেন। পরে তাদের এমন লিজে স্বাক্ষর করতে বাধ্য করা হতো, যাতে কাগজে-কলমে ভাড়াটি বৈধ দেখায়—যদিও বাস্তবে কোনো পক্ষই এক বছরের প্রকৃত বসবাসের ইচ্ছা রাখতেন না। অভিযোগে আরও বলা হয়েছে, এসব ইউনিট সাধারণত আসবাবপত্রসহ ভাড়া দেওয়া হতো এবং সেগুলোকে প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করা হতো না—যা অর্ডিন্যান্স অনুযায়ী নিষিদ্ধ। কিছু ক্ষেত্রে বাড়িওয়ালারা ভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত খালি ইউনিট নিবন্ধনের ফরম জমা দেননি বলেও অভিযোগ করা হয়েছে। আবার কোথাও কোথাও মাসিক ভাড়া ৫ হাজার থেকে ১০ হাজার ডলার দেখানো হয়েছে, যা দীর্ঘমেয়াদি ভাড়ার চেয়ে স্বল্পমেয়াদি ভাড়ার দামের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে শহর কর্তৃপক্ষ। ২০২০ সালে পাস হওয়া রেসিডেনশিয়াল লিজিং রিকোয়ারমেন্টস অর্ডিন্যান্স অনুযায়ী, সাধারণত ভাড়ার মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে, ইউনিটগুলো আসবাববিহীন হতে হবে এবং ভাড়াটিয়ার প্রধান বাসস্থান হিসেবে ব্যবহৃত হতে হবে। শহর কর্তৃপক্ষের দাবি, এই আইন মূলত সীমিত আবাসনকে স্বল্পমেয়াদি ভাড়া বাজারে চলে যাওয়া থেকে রক্ষা করার জন্য প্রণয়ন করা হয়েছে। সান্তা মনিকার ডেপুটি সিটি অ্যাটর্নি জনাথন ফ্র্যাঙ্ক এক বিবৃতিতে বলেন, “ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট সংরক্ষণ এবং ভাড়া কমিয়ে রাখা শহরের সর্বোচ্চ অগ্রাধিকার। স্বল্পমেয়াদি ভাড়া সংক্রান্ত আইন লঙ্ঘনকে শহর অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেয়।” মামলার মাধ্যমে সান্তা মনিকা শহর কর্তৃপক্ষ আদালতের কাছে অভিযুক্ত কার্যক্রম বন্ধের নির্দেশ, কথিত ১ কোটি ৮০ লাখ ডলার ফেরত আদায় এবং প্রতিটি লঙ্ঘনের জন্য ২ হাজার ৫০০ ডলার করে বেসামরিক জরিমানা আরোপের দাবি জানিয়েছে। এছাড়া বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার আবেদনও করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম