লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ৪ দশমিক ৪ মাত্রার কম্পনে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ক্যালিফোর্নিয়ায় শনিবার সন্ধ্যায় একের পর এক ভূমিকম্প আঘাত হেনেছে। ক্যালিফোর্নিয়ার ব্রাউলি এলাকায় অন্তত এক ডজনের বেশি ভূমিকম্প অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪ দশমিক ৪ মাত্রার একটি কম্পন। এই ভূমিকম্প দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৪টা ১৪ মিনিটে প্রথম ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর পরপর ২ দশমিক ৬ এবং ২ দশমিক ৮ মাত্রার আরও দুটি কম্পন রেকর্ড করা হয়। বিকেল ৫টা ৩৪ মিনিটে আবার ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। কয়েক মিনিট পর ৩ দশমিক ১ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই কম্পন উত্তর দিকে রিভারসাইড কাউন্টি এবং দক্ষিণে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া পর্যন্ত অনুভূত হয়। এর কিছুক্ষণ পর রাত ৮টা ১৩ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগের দিনও ক্যালিফোর্নিয়ার রেডল্যান্ডস এলাকার কাছে ৩ দশমিক ০-এর বেশি মাত্রার একাধিক ভূমিকম্প হয়েছিল। ফলে পরপর দুই দিন ধরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের প্রবণতা দেখা গেল। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম