লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে রিয়েলিটি টিভি তারকা স্পেন্সার প্র্যাটের প্রতি সমর্থন জানিয়েছেন। নির্বাচনের প্রাইমারির মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি চাই সে ভালো করুক। সে বেশ আলোচিত ব্যক্তি। শুনেছি সে বড় ধরনের ম্যাগা সমর্থক এবং ভালোই করছে।” স্পেন্সার প্র্যাট সম্প্রতি দক্ষিণ লস এঞ্জেলেসে তার নির্বাচনী সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। যদিও ট্রাম্পের সমর্থন নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে শহর পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি নিজেকে ‘অ্যান্টি-এস্টাবলিশমেন্ট’ প্রার্থী হিসেবে তুলে ধরছেন। বিশ্লেষকদের মতে, আবাসন সংকট, যানজট, গৃহহীনতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে মানুষের অসন্তোষকে কাজে লাগাচ্ছেন প্র্যাট। বিশেষ করে গত বছরের দাবানলের পর এই ক্ষোভ আরও বেড়েছে। ইউএসসি ও ইউসি বার্কলির রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞ ড্যান স্নার বলেন, “মানুষ বিভিন্ন ইস্যুতে হতাশ। তবে দাবানলের পর সেই ক্ষোভ আরও স্পষ্ট হয়েছে। প্র্যাট সেই হতাশার কথাগুলো এমনভাবে বলছেন, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করছে।” এদিকে ট্রাম্পের সমর্থনকে কাজে লাগিয়ে প্র্যাটের প্রতিদ্বন্দ্বীরা তাকে আক্রমণ করেছেন। বর্তমান মেয়র কারেন বাস এক্সে দেওয়া পোস্টে বলেন, “ট্রাম্প ও প্র্যাট দুজনই চান আইস আমাদের শহরে ঢুকে প্রতিবেশীদের ধরে নিয়ে যাক।” লস এঞ্জেলেস সিটি কাউন্সিল সদস্য নিথ্যা রামানও এক্সে লেখেন, “ডোনাল্ড ট্রাম্প তার ‘লস এঞ্জেলেস অ্যাপ্রেন্টিস’ ও ‘বড় ম্যাগা সমর্থক’ স্পেন্সার প্র্যাটকে সমর্থন করবেন, এতে অবাক হওয়ার কিছু নেই।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেস ডেমোক্র্যাট-প্রধান এলাকা হওয়ায় ট্রাম্পের সমর্থন প্র্যাটের জন্য একদিকে প্রচার বাড়ালেও অন্যদিকে তাকে রিপাবলিকান ঘরানার প্রার্থী হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে।   এলএবাংলাটাইমস/ওএম