লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের প্রাইমারি ভোটের আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যেই সাবেক মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ার বেসেরা তার নির্বাচনী প্রচারণায় নতুন গতি পেয়েছেন। মঙ্গলবার ক্রেনশ এলাকার ডুলানস রেস্টুরেন্টে প্রচারণায় অংশ নেন বেসেরা। সেখানে তার সঙ্গে ছিলেন টেক্সাসের কংগ্রেসওম্যান জ্যাসমিন ক্রকেট এবং লং বিচের মেয়র রেক্স রিচার্ডসন। বেসেরা বলেন, “জ্যাসমিন ক্রকেট ও রেক্স রিচার্ডসনের মতো নেতাদের পাশে নিয়ে যদি আমি ২ জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারি, তাহলে আমি এই নির্বাচনে জিতব।” জ্যাসমিন ক্রকেট বলেন, “জেভিয়ার হঠাৎ করে প্রগ্রেসিভ হননি। ক্যালিফোর্নিয়ার এখন তাকে প্রয়োজন। আমি বিশ্বাস করি, তিনি দারুণ কাজ করবেন এবং ট্রাম্পকে আতঙ্কে ফেলবেন।” রেক্স রিচার্ডসন বলেন, “আপনি যেভাবেই প্রার্থনা করুন, যা-ই খান বা যাকেই ভালোবাসুন না কেন—এই প্রচারণায় সবার জায়গা আছে।” এক মাস আগে এরিক সোয়ালওয়েল গভর্নর দৌড় থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বেসেরার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। বেসেরা বলেন, “ক্যালিফোর্নিয়ার ভোটাররা এমন কাউকে চান না, যিনি টাকা খরচ করে ক্ষমতা কিনতে চান। আবার ট্রাম্পের পথ অনুসরণকারীকেও তারা চান না।” ইউএসসির অ্যানেনবার্গ স্কুলের অধ্যাপক ক্রিস্টিনা বেলান্টোনি বলেন, বেসেরা সঠিক সময়ে সঠিক গতি পেয়েছেন। তার মতে, প্রতিদ্বন্দ্বী স্টেয়ার শিবির এখন বেসেরাকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে বলেই তাদের প্রচারণা আরও নেতিবাচক হয়ে উঠেছে। এদিকে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন নিজের দলের আরেক প্রার্থী চ্যাড বিয়ানকোকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। মঙ্গলবার এক্সে দেওয়া ভিডিও বার্তায় হিলটন বলেন, “চ্যাড বিয়ানকোকে ভোট দেওয়া মানে শীর্ষ দুইয়ে দুই ডেমোক্র্যাটকে তুলে আনা। ক্যালিফোর্নিয়ায় পরিবর্তন চাইলে আমাকে ভোট দেওয়াই একমাত্র পথ।” বিশ্লেষকদের মতে, ট্রাম্প আগেই হিলটনকে সমর্থন দিলেও এখন অনেক ভোটার আগাম ভোট দেওয়া শুরু করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে রিপাবলিকান ভোট একত্র করা কঠিন হয়ে পড়েছে। এমনকি শেষ মুহূর্তে বিয়ানকো নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে হিলটনকে সমর্থন দিলেও তার নামে ইতোমধ্যে অনেক ভোট পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।   এলএবাংলাটাইমস/ওএম