লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারি ভোটে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র কারেন বাস। মঙ্গলবার রাত পর্যন্ত ৪৭ শতাংশ ভোট গণনা শেষে তিনি ৩৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়েলিটি টিভি তারকা স্পেন্সার প্র্যাট পেয়েছেন ৩০ শতাংশ ভোট। আর সিটি কাউন্সিল সদস্য নিথ্যা রামান পেয়েছেন ২০ শতাংশ ভোট। ভোট গণনার মধ্যেই সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কারেন বাস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আর কয়েক ঘণ্টার মধ্যেই আমরা বিজয় ঘোষণা করব।” তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আমাদের শহরকে এগিয়ে নিয়ে যেতে থাকব। এটি বিশ্বের সেরা শহর। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং অন্যরা যখন আমাকে নিয়ে সন্দেহ করেছে তখন পাশে থেকেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এই শহরকে ভালোবাসি, এখানে আমার জন্ম হয়েছে, আর আমি নভেম্বরের বিজয় পর্যন্ত এবং তার পরও শহরের সেবা করে যাব।” তবে কারেন বাস সম্প্রতি সমালোচনার মুখে পড়েন ২০২৫ সালের জানুয়ারিতে সংঘটিত প্যালিসেডস অগ্নিকাণ্ডের ঘটনায়। ওই সময় তিনি কূটনৈতিক সফরে ঘানায় ছিলেন। দাবানল ছড়িয়ে পড়ার পর তিনি দ্রুত লস এঞ্জেলেসে ফিরে আসেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে প্যাসিফিক প্যালিসেডস ও মালিবু এলাকায় ১৫ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয় এবং ১২ জন নিহত হন। স্পেন্সার প্র্যাটও ওই অগ্নিকাণ্ডে নিজের বাড়ি হারিয়েছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে রানঅফ বা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। বর্তমান ফলাফলের ভিত্তিতে কারেন বাস ও স্পেন্সার প্র্যাট রানঅফ নির্বাচনের পথে এগিয়ে রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম