লস এঞ্জেলেস

এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল জেলা লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি)-এর নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে আন্দ্রেস চেইটকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জেলা শিক্ষা বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করে। এর আগে ফেব্রুয়ারিতে এফবিআই তদন্তের প্রেক্ষাপটে তৎকালীন সুপারিনটেনডেন্ট আলবার্তো কারভালহোকে ছুটিতে পাঠানো হলে আন্দ্রেস চেইট ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত রোববার কারভালহো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। বুধবার শিক্ষা বোর্ডের বন্ধদ্বার বৈঠকে ভোটাভুটির মাধ্যমে চেইটকে পূর্ণকালীন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। বোর্ডের সব সদস্য তার পক্ষে ভোট দেন। ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে চেইট শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা, বাজেট পরিকল্পনা এবং শিক্ষাবর্ষের সমাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। আন্দ্রেস চেইট প্রায় ৩০ বছর ধরে এলএইউএসডির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কর্মজীবন শুরু করেছিলেন একজন কিন্ডারগার্টেন শিক্ষক হিসেবে। পরে সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, স্থানীয় জেলা সুপারিনটেনডেন্ট, প্রধান স্কুল পরিচালনা কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা এবং শিক্ষা প্রশাসনে তার নেতৃত্বের কারণে শিক্ষা বোর্ড তাকে জেলার স্থায়ী সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এলএবাংলাটাইমস/ওএম