ক্যালিফোর্নিয়ার পামডেলে অবৈধভাবে বর্জ্য ফেলার অভিযোগ তদন্ত করতে গিয়ে একটি বড় গোপন মাদক কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে ৮০০ পাউন্ডের বেশি মেথামফেটামিন (মেথ) জব্দ করা হয়েছে এবং এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বুধবার পামডেল কোড এনফোর্সমেন্ট কর্মকর্তারা অবৈধ বর্জ্য ফেলার একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে বিপুল পরিমাণ মেথামফেটামিন দেখতে পান। এরপর তদন্তের পরিধি বাড়ানো হলে লেক লস এঞ্জেলসের অননুমোদিত এলাকার ১১০তম স্ট্রিট ইস্ট ও অ্যাভিনিউ এম-৮ এলাকার কাছে একটি অত্যাধুনিক মেথ উৎপাদন ও সরবরাহ চক্রের সন্ধান মেলে।
পরে লস এঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের মাদকবিরোধী ইউনিট এবং লস এঞ্জেলস পুলিশ বিভাগের যৌথ অভিযানে স্ফটিক ও তরল—উভয় ধরনের মেথামফেটামিন জব্দ করা হয়।
এ ঘটনায় মেক্সিকোর ২২ বছর বয়সী আলেহান্দ্রো হার্নান্দেজ গুতিয়েরেজকে নিয়ন্ত্রিত মাদক উৎপাদনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীরা আরও কয়েকটি তল্লাশি পরোয়ানা সংগ্রহ করে অভিযান চালিয়েছেন। তবে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
পামডেলের মেয়র এরিক ওলসেন এক বিবৃতিতে বলেন, অবৈধ বর্জ্য ফেলার একটি সাধারণ অভিযোগের তদন্ত থেকেই বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কোড এনফোর্সমেন্ট দলের গুরুত্বপূর্ণ ভূমিকারই প্রমাণ।
কর্তৃপক্ষ এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের মাদকবিরোধী ইউনিটে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোথাও অবৈধভাবে বর্জ্য ফেলা বা সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম