লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ভ্রমণের ব্যস্ত মৌসুমে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX)-এ ২০ লাখেরও বেশি যাত্রীর যাতায়াত হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে যাত্রীদের আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করে বিমানবন্দরে আগেভাগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির ভ্রমণ মৌসুম ৮ জুলাই পর্যন্ত চলবে। সবচেয়ে বেশি ভিড় থাকবে বুধবার ও বৃহস্পতিবার। এই দুই দিনে প্রতিদিন প্রায় ২ লাখ ২০ হাজার যাত্রীর আগমন ও প্রস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের মতে, গ্রীষ্মজুড়েই যাত্রীদের চাপ বেশি থাকবে। কারণ, লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী শহরটিতে আসবেন। লস এঞ্জেলেস ওয়ার্ল্ড এয়ারপোর্টসের প্রধান রাজস্ব ও অভিজ্ঞতা কর্মকর্তা কোর্টনি মুর বলেন, "এ গ্রীষ্মে আবারও বিশ্বের নজর থাকবে লস এঞ্জেলেসের দিকে। লাখো ভ্রমণকারীর জন্য এলএএক্সই হবে তাদের লস এঞ্জেলেস সফরের প্রথম গন্তব্য। তাই সবাইকে আগে থেকেই পরিকল্পনা করতে, সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছাতে এবং বিমানবন্দরের বিভিন্ন সেবা ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।" দেশীয় (ডোমেস্টিক) ফ্লাইটের ক্ষেত্রে অন্তত দুই ঘণ্টা আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বাসা থেকে বের হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করা, আগেই পার্কিং বুক করা, সম্ভব হলে মেট্রো বা ফ্লাইঅ্যাওয়ে বাস ব্যবহার করা এবং টার্মিনাল এলাকায় চলমান নির্মাণকাজের কারণে অতিরিক্ত সময় হাতে রাখারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিরাপত্তা তল্লাশি পার হতে REAL ID-সম্মত পরিচয়পত্র বা সরকার অনুমোদিত অন্য কোনো বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি, হ্যান্ড ব্যাগ ও চেক-ইন লাগেজ—উভয় ক্ষেত্রেই আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এলএবাংলাটাইমস/ওএম