ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরে ক্যাল স্টেট সান বার্নার্ডিনো বিশ্ববিদ্যালয়ের কাছের একটি পাহাড়ে শুক্রবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পড়ে। তবে দ্রুত অভিযান চালিয়ে দমকলকর্মীরা আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। এটি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে, আই স্ট্রিট ও ৫৯তম স্ট্রিটের কাছে একটি আবাসিক এলাকার পেছনের পাহাড়ে ছড়িয়ে পড়ে। শুরুতে এলাকায় শুকনো ঝোপঝাড় থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দাবানলটি প্রায় ২৩.৫ একর এলাকাজুড়ে ছড়িয়েছে এবং এর ৩০ শতাংশ ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি আগুন নেভাতে দমকলকর্মীরা রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন।
দমকল বিভাগ জানিয়েছে, পাহাড়ি এলাকায় একটি অফ-রোড যানবাহন চালানোর সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়।
দমকলকর্মীদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢাল বেয়ে বিশাল অগ্নিশিখা নিচের আবাসিক এলাকার দিকে জ্বলতে থাকে। এছাড়া অ্যালার্ট ক্যালিফোর্নিয়ার টাইমল্যাপস ভিডিওতে দাবানলটি কীভাবে দ্রুত পাহাড়জুড়ে ছড়িয়ে পড়েছে, সেটিও স্পষ্টভাবে দেখা যায়।
এলএবাংলাটাইমস/ওএম