ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে একটি সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির বিরুদ্ধে।
নাপা কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, ৮৬ বছর বয়সী পল পেলোসি শুক্রবার বিকেলে ইয়াউন্টভিল শহরের ইয়াউন্ট স্ট্রিটের ৬৭০০ ব্লক এলাকায় একটি পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা দেন। অভিযোগ অনুযায়ী, তিনি অল্প সময়ের জন্য থামলেও পরে ঘটনাস্থল ছেড়ে চলে যান।
বিকেল প্রায় আড়াইটার দিকে এক প্রত্যক্ষদর্শী জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানান, একটি বাদামি রঙের কনভার্টিবল গাড়ি উত্তরমুখী যাওয়ার সময় পার্ক করা একটি খালি গাড়িতে ধাক্কা মারে। এতে গাড়িটির পেছনের অংশে বড় ধরনের ক্ষতি হয় এবং সামনের ডান পাশের চাকা ফুটপাথের ওপর উঠে যায়।
প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে কিছুক্ষণ পর ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল ইয়াউন্টভিল ক্রস রোড এলাকায় পল পেলোসির গাড়ি থামায়। পুলিশ জানায়, তার গাড়ির সামনের ডান পাশেও উল্লেখযোগ্য ক্ষতির চিহ্ন ছিল।
তদন্তকারীদের কাছে পল পেলোসি স্বীকার করেন যে তিনি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগেছে বুঝতে পেরেছিলেন। তবে কীসে ধাক্কা লেগেছে তা বুঝতে না পারায় তিনি গাড়ি চালিয়ে চলে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি আর গাড়ি চালাচ্ছেন না।
তদন্তে প্রাথমিকভাবে অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ব্রেথ অ্যালকোহল পরীক্ষায় তার ফলাফল ০.০০ আসে, অর্থাৎ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না।
এ ঘটনায় পল পেলোসিকে গ্রেপ্তার করা হয়নি। তবে নাপা কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, মামলাটি পর্যালোচনা ও সম্ভাব্য বিচারিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা অ্যাটর্নির কার্যালয়ে পাঠানো হবে।
এর আগে ২০২২ সালের মে মাসে নাপা কাউন্টিতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পল পেলোসি। সে সময় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.০৮২ শতাংশ। পরে তিনি আদালতে দোষ স্বীকার করেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আহত করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
একই বছরের অক্টোবর মাসে সান ফ্রান্সিসকোতে নিজ বাসায় হামলার শিকার হন পল পেলোসি। হামলাকারী ডেভিড ডেপাপে বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান।
তদন্তে জানা যায়, হামলাকারীর মূল লক্ষ্য ছিলেন ন্যান্সি পেলোসি। তবে ঘটনার সময় তিনি ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে থাকায় বাসায় ছিলেন না।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম