ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি বিরল ও শত শত বছর পুরোনো চীনা পাণ্ডুলিপি চুরির ঘটনায় দোষ স্বীকার করেছেন। ভুয়া পরিচয়, নকল লাইব্রেরি কার্ড এবং জাল বই ব্যবহার করে তিনি এই চুরির পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৯ বছর বয়সী জেফরি ইং বিরল শিল্পকর্ম চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাকে ইতোমধ্যে কারাগারে কাটানো প্রায় এক মাসের সময়কে সাজা হিসেবে গণ্য করে এক বছরের গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া তিন বছরের তত্ত্বাবধানে (সুপারভাইজড রিলিজ) থাকতে হবে তাকে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
প্রসিকিউটরদের অভিযোগ, জেফরি ইং University of California, Los Angeles (ইউসিএলএ)-এর লাইব্রেরি থেকে বিরল চীনা পাণ্ডুলিপি ধার নিতেন। পরে আসল বইয়ের বদলে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি নকল কপি জমা দিয়ে আসল পাণ্ডুলিপিগুলো নিজের কাছে রেখে দিতেন।
তদন্তে জানা যায়, চুরির প্রতিটি ঘটনার কয়েক দিনের মধ্যেই তিনি চীনে যাতায়াত করতেন।
ইউসিএলএর লাইব্রেরিতে বিরল বই ও শিল্পকর্মের বিশাল সংগ্রহ রয়েছে। সম্প্রতি ধার দেওয়া কয়েকটি বই ফেরত পাওয়ার পর কর্তৃপক্ষ বুঝতে পারে, সেগুলো আসল নয়, বরং জাল কপি। এরপরই তদন্ত শুরু হয়।
তদন্তকারীরা দেখতে পান, বইগুলো ধার নেওয়া হয়েছিল ভুয়া পরিচয়ে তৈরি লাইব্রেরি কার্ড ব্যবহার করে। ব্যবহৃত ছদ্মনামগুলোর মধ্যে ছিল জেসন ওয়াং, অ্যালান ফুজিমোরি এবং অস্টিন চেন। পরে এসব পরিচয়ের সঙ্গে জেফরি ইংয়ের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজেও দেখা যায়, একই ব্যক্তি সব পাণ্ডুলিপি লাইব্রেরি থেকে নিয়েছিলেন।
পরে কর্তৃপক্ষ ইউসিএলএর কাছে একটি হোটেলে জেফরি ইংকে খুঁজে পায়। তার কক্ষ তল্লাশি করে খালি পাণ্ডুলিপি, বিশেষ ধরনের কাগজ এবং এমন নানা সরঞ্জাম উদ্ধার করা হয়, যা দিয়ে আসল বইয়ের মতো দেখতে নকল বই তৈরি করা সম্ভব। তদন্তকারীদের ধারণা, এগুলো ব্যবহার করেই তিনি লাইব্রেরিতে ফেরত দেওয়ার জন্য ভুয়া বই তৈরি করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে তিনি প্রায় ২ লাখ ১৬ হাজার মার্কিন ডলার মূল্যের বিরল ও প্রাচীন চীনা পাণ্ডুলিপি আত্মসাৎ করেন।
চুরি হওয়া সংগ্রহের মধ্যে ১৩৯৩ সালের একটি মূল্যবান চীনা পাণ্ডুলিপি এবং ১৫৭৫ সালে প্রকাশিত আরেকটি বিরল গ্রন্থও ছিল। তবে এসব বইয়ের বর্তমান অবস্থান সম্পর্কে আদালতের নথিতে কিছু উল্লেখ করা হয়নি এবং ওই নির্দিষ্ট বইগুলোর চুরির অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়নি।
জেফরি ইং শেষ পর্যন্ত চীনের চিং রাজবংশের ১৭শ শতকের একটি পাণ্ডুলিপি চুরির একটি অভিযোগে দোষ স্বীকার করেন।
২০২৫ সালের আগস্টে তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্টিন চেন নামে জাল ক্যালিফোর্নিয়া পরিচয়পত্র এবং অস্টিন চেন ও জেসন ওয়াং নামে দুটি লাইব্রেরি কার্ড উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি পর্যন্ত ইউসিএলএ সাধারণ মানুষকে সরকারি পরিচয়পত্র ছাড়াই অনলাইনে লাইব্রেরি কার্ডের আবেদন করার সুযোগ দিত। সেই সুযোগ কাজে লাগিয়েই জেফরি ইং বিরল সংগ্রহে প্রবেশাধিকার পেয়েছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম