লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন 'ডেলাইটিং' (Daylighting) পার্কিং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এখন থেকে জরিমানা করা শুরু করেছে পুলিশ। পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়াতে এই আইন কার্যকর করা হচ্ছে। অ্যাসেম্বলি বিল ৪১৩ (এবি ৪১৩) বা 'ডেলাইটিং টু সেভ লাইভস' নামে পরিচিত আইনটি গত বছর কার্যকর হলেও শুরুতে সচেতনতামূলক সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হওয়ায় এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নিচ্ছে। নতুন আইন অনুযায়ী, কোনো ক্রসওয়াক বা মোড়ের আগে ২০ ফুট (প্রায় একটি সাধারণ গাড়ির দৈর্ঘ্য) দূরত্বের মধ্যে গাড়ি পার্ক করা যাবে না। এর উদ্দেশ্য হলো মোড়ে চালকদের দৃষ্টিসীমা পরিষ্কার রাখা, যাতে পথচারী ও সাইকেল আরোহীদের সহজে দেখা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। সেফ ট্রান্সপোর্টেশন রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় পথচারীদের মৃত্যুর ২২ শতাংশই ঘটেছে বিভিন্ন সড়ক মোড় বা ইন্টারসেকশনে। এ কারণেই নতুন এই আইন প্রণয়ন করা হয়েছে। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট নিকোলাস কাস্তেয়ানোস বলেন, পথচারী ও সাইকেল আরোহীদের জড়িত অনেক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আইন নিয়ে আলোচনা শুরু হয় এবং পরে তা পাস হয়। নতুন নিয়মকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। বারব্যাঙ্কের বাসিন্দা হোসে সাউসেডো বলেন, “যে কোনো উদ্যোগ, যা গাড়ির গতি কমাবে এবং পথচারীদের জন্য রাস্তা আরও নিরাপদ করবে, সেটিই ভালো।” তবে সবাই এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। অরেঞ্জ কাউন্টির বাসিন্দা ফিল বলেন, “এতে অনেক পার্কিংয়ের জায়গা কমে যাবে। ব্যবসা প্রতিষ্ঠানে আসা ক্রেতাদের জন্য গাড়ি রাখার জায়গা পাওয়াই কঠিন হয়ে পড়বে।” নতুন নিয়ম ভঙ্গ করে নির্ধারিত স্থানে গাড়ি পার্ক করলে ৬৩ ডলার জরিমানা গুনতে হবে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চালকদের বিশেষ করে স্কুল এলাকার আশপাশের ক্রসওয়াকের কাছে আরও সতর্ক থাকার এবং আশপাশের পরিস্থিতি ভালোভাবে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম