লস এঞ্জেলেস

ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

লস এঞ্জেলেসে মঙ্গলবার সকালে দুটি ভবনে তল্লাশি পরোয়ানা নিয়ে অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ভবনগুলোর মধ্যে বিলাসবহুল অ্যাপেক্স ও আলিনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সও রয়েছে। এফবিআইয়ের এক মুখপাত্র অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) সহযোগিতা করেছে বলেও জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ওয়েস্ট ৯থ স্ট্রিটের অ্যাপেক্স ভবনের হেলিপ্যাডে এলএপিডির একটি হেলিকপ্টার অবতরণ করে। সশস্ত্র ও কৌশলগত সরঞ্জাম পরিহিত এফবিআই সদস্যদের হেলিকপ্টার থেকে নেমে ভবনের ভেতরে যেতে দেখা যায়। সাদা পোশাকের এজেন্টদেরও ভবনের বাইরে অবস্থান করতে দেখা যায়। অ্যাপেক্সের লবিতে থাকা দুই কর্মচারী জানান, মঙ্গলবার সকালে এফবিআইয়ের সদস্যরা এসে ভবন কর্তৃপক্ষকে তল্লাশি পরোয়ানা দেখান। তাদের সঙ্গে দমকল বিভাগের সদস্যরাও ছিলেন। তল্লাশি চলাকালে তারা ভবনের লিফট ব্যবস্থাপনার দায়িত্ব নেন। তবে এজেন্টরা ভবনের কোন কোন তলায় গিয়েছিলেন, তা জানা যায়নি। অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না বা কোনো সামগ্রী জব্দ করা হয়েছে কি না, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কর্মচারীদের দাবি, প্রায় এক ঘণ্টা ভবনে অবস্থানের পর এফবিআই সদস্যরা সেখান থেকে চলে যান। একই সময়ে ১০১০ উইলশায়ার ভবনেও একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করে এফবিআই। ভবনের ফ্রন্ট ডেস্কের এক কর্মী জানান, নজরদারি ক্যামেরায় এজেন্টদের লিফট ব্যবহার করতে দেখা গেছে। তবে তারা ভবনের কোন তলা বা কোন ইউনিটে অভিযান চালিয়েছেন, তা তিনি জানেন না। এখন পর্যন্ত এফবিআই অভিযানের সুনির্দিষ্ট কারণ বা তদন্তের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

এলএবাংলাটাইমস/ওএম