লস এঞ্জেলেস

সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

ক্যালিফোর্নিয়ার ইংলউড শহর সোফি স্টেডিয়াম, কিয়া ফোরাম এবং ইনটুইট ডোমের সঙ্গে শহরের রেল যোগাযোগ আরও উন্নত করতে ২৬ কোটি ১০ লাখ ডলারের একটি বড় পরিবহন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। ইংলউড সিটি কাউন্সিল প্রকল্পটি নির্মাণের জন্য বেসরকারি খাতের অংশীদার হিসেবে এলিভেট ইংলউড ডেভেলপমেন্ট করপোরেশনকে নির্বাচন করেছে। এই কনসোর্টিয়ামে রয়েছে প্লেনারি আমেরিকাস, সুইনারটন এবং ওয়াল্টার পি. মুর। প্রকল্পটির পুরো ২৬১ মিলিয়ন ডলারের অর্থায়ন হবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ও মেট্রোর অনুদানের মাধ্যমে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলউডের বিভিন্ন ভেন্যুতে বছরে অনুষ্ঠিত প্রায় ৬০টি বড় অনুষ্ঠানে দর্শক ও যাত্রীদের চলাচল সহজ করার পাশাপাশি ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়ও এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইংলউডের মেয়র জেমস টি. বাটস জুনিয়র বলেন, উচ্চ লক্ষ্য নির্ধারণ করলে কী অর্জন করা সম্ভব, ইংলউড তা প্রমাণ করেছে। তাঁর ভাষায়, প্রকল্পটির নির্মাণ ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে এবং পুরো অর্থ এসেছে প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত অঙ্গরাজ্য ও মেট্রোর অনুদান থেকে। এতে শহরের সাধারণ তহবিলের কোনো অর্থ ব্যয় হবে না। প্রকল্পের আওতায় তিনটি নতুন ‘মোবিলিটি হাব’ নির্মাণ করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় হাবটি গড়ে উঠবে ফ্লোরেন্স অ্যাভিনিউ ও মার্কেট স্ট্রিটের সংযোগস্থলে। এটি একটি পথচারী সেতুর মাধ্যমে কে লাইনের ডাউনটাউন ইংলউড স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে। সেখানে একাধিক বাস বে এবং পার্কিং সুবিধা থাকবে। তবে ডাউনটাউন হাবটি নির্মাণ করা হবে একটি শপিং সেন্টারের জায়গায়, যেখানে আগে ২০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যের স্থানান্তর সুবিধার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডাউনটাউন এলাকায় নতুন করে স্থানান্তরে সহায়তার জন্য সর্বোচ্চ আড়াই লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। মার্কেট স্ট্রিটের বিভিন্ন স্থানে এবং সি লাইনের কাছেও ছোট আকারের মোবিলিটি হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় মার্কেট স্ট্রিট, ম্যানচেস্টার এবং কুইন স্ট্রিট এলাকায় রাস্তার অবকাঠামো উন্নয়ন, ল্যান্ডস্কেপিং, দিকনির্দেশনা ব্যবস্থা, রাস্তার আসবাব, আলোকসজ্জা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হবে। বড় অনুষ্ঠান বা খেলার দিনগুলোতে যাত্রীদের যাতায়াত সহজ করতে উত্তর-দক্ষিণমুখী বিশেষ বাস লেন চালু করা হবে। এসব বাস লেন কে লাইন ও সি লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করবে। রাস্তার সৌন্দর্যবর্ধন ও উন্নয়নকাজ আগামী নভেম্বর থেকে শুরু হয়ে প্রায় দুই মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের অন্যান্য অংশ, যেমন বিশেষ বাস লেন ও ট্রাফিক সিগন্যাল উন্নয়ন, ২০২৭ সালে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সোফি স্টেডিয়াম ও ইংলউডের অন্যান্য ক্রীড়া ও বিনোদনকেন্দ্রের সঙ্গে রেল যোগাযোগ সহজ করতে শুরুতে শহর কর্তৃপক্ষ একটি পৃথক লাইনে চলাচলকারী ‘পিপল মুভার’ ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা করেছিল। প্রকল্পটির জন্য এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক বিরোধিতার মুখে ২০২৪ সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বর্তমান পরিবহন ও রাস্তা উন্নয়ন প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থায়ন পাওয়া গেলে ‘পিপল মুভার’ নির্মাণের পথ বন্ধ না হয়। শহর কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই অবকাঠামো ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় আন্তর্জাতিক দর্শনার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদে ইংলউডের বাসিন্দাদের জন্যও উন্নত ও কার্যকর পরিবহন সুবিধা নিশ্চিত করবে।

এলএবাংলাটাইমস/ওএম