লস এঞ্জেলেস

অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটের দিকে অ্যানাহেইমের কাছে ৫ ফ্রিওয়ের দক্ষিণমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের (সিএইচপি) কর্মকর্তারা। তদন্তকারীরা জানান, একটি ফোর্ড এজ এসইউভি অফ-র‌্যাম্পের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি মহাসড়কের পাশের প্রায় ১৫ ফুট গভীর ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সিএইচপি জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজন গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যান। ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহত তিন কিশোরের পরিচয় হলো— লেভি জ্যাকব ফ্লোরেস, বয়স ১৫, গার্ডেন গ্রোভ রবার্ট মিগুয়েল গুতিয়েরেজ-আভালোস, বয়স ১৬, সান্তা আনা ভিক্টর হুগো দেলগাদো, বয়স ১৭, সান্তা আনা তদন্তকারীদের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা কেউই সিটবেল্ট পরা ছিলেন না। তবে ঠিক কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।